শহরে হেমন্তের হালকা শীতের আনাগোনা খুব একটা টের পাওয়া যায় না। তবে এ ঋতুর শুরু থেকে ঢাকার বাইরে বিশেষ করে উত্তরের দিকে ঠান্ডা অনুভব করা যাচ্ছে। কোনো কোনো শহরে সকালে খুব নীরবে ঝরে পড়ছে শিশির। হ্যাঁ, শীতের আগাম ঋতু হেমন্ত যেন ভারী শীতের পূর্বাভাসই দিয়ে যায়। তাই তো শিশির পড়া সকাল কিংবা পাতাঝরা বিকেলে হাত-পা-শরীরে টানটান শুরু হয়। ভোর ও রাতের দিকে ঠান্ডা পড়লেও, দুপুরে তপ্ত রোদ থাকে। গণপরিহনে ভ্রমণ করলে দরদর করে ঝরে ঘাম। এ সময়ের পোশাক নির্বাচনেও তাই সতর্ক হওয়া জরুরি। সকাল ও রাতের ঠান্ডা হাওয়া থেকে বাঁচতে ফুলহাতা, থ্রি কোয়ার্টার ও ফোর কোয়ার্টার হাতার পোশাক বেছে নেওয়া ভালো।
পোশাকের ব্র্যান্ড লা রিভের জ্যেষ্ঠ ফ্যাশন ডিজাইনার মারুফা শিল্পী জানান, হেমন্ত মানেই শীতের আগমনী বার্তা। এ নাতিশীতোষ্ণ আবহাওয়ায় মানানসই হতে পারে কিছুটা হালকা ধরনের পোশাক; যা আমাদের শরীরকে একটু বেশি আবৃত রাখবে। যেমন–ফুল স্লিভ কামিজ কিংবা টিউনিক। তাঁর মতে, সিঙ্গেল পিস পোশাকে রাখা যেতে পারে লেয়ারিংয়ের ছোঁয়া– যেমন শ্রাগ স্টাইল টিউনিক। আবার প্লেইন টিউনিক, কামিজ কিংবা টি-শার্টের সঙ্গে শ্রাগ বা কটির সংমিশ্রণেও তৈরি হতে পারে আকর্ষণীয় ফ্যাশন স্টেটমেন্ট বা ব্যক্তিগত রুচির প্রকাশ।
অন্যদিকে, সালোয়ার-কামিজের সঙ্গে শিফনের পরিবর্তে সিল্ক কিংবা আর্ট সিল্কের ওড়না বেছে নেওয়া যেতে পারে। এ সময় প্রকৃতি কিছুটা মলিন রূপ ধারণ করলেও পোশাকে উজ্জ্বল রংগুলো বেছে নিলে নিজেকে খুব বেশি প্রাণবন্ত মনে হবে এবং পোশাকে আসবে ঋতুর সঙ্গে মানানসই স্নিগ্ধতা ও আভিজাত্যের ছোঁয়া।
হরীতকীর কো-ফাউন্ডার অনিক কুণ্ডু জানান, হালকা শীতে উষ্ণতা দেবে এমন পোশাকের চাহিদা বেশি থাকে। তবে খুব ভারী কাপড়ের বদলে ওজনে হালকা কাপড়ের পোশাক এ সময় মানানসই। এ ক্ষেত্রে ওড়নার চেয়ে ভারী শাল ও কটি বেছে নেওয়া যেতে পারে। এ সময় থ্রি কোয়ার্টার বা হাফহাতার বদলে ফুল স্লিভের জামা পরা উচিত বলে জানান অনিক কুণ্ডু।
উজ্জ্বল রংই প্রধান
প্রকৃতিতে হালকা ঠান্ডা পড়তেই মনে এক ধরনের বিষণ্নতা ভর করে। উজ্জ্বল রঙের পোশাক বিষণ্নতা কাটিয়ে সময়কে বর্ণিল করে বলে জানান ‘রঙ বাংলাদেশ’-এর স্বত্বাধিকারী সৌমিক দাস। তিনি মনে করেন, হেমন্ত মানেই উজ্জ্বল রঙের পোশাক পরার সময়। গাঢ় গোলাপি, কমলা, বেগুনি, লাল, খয়েরি, মেরুন, চকলেট, গাঢ় সবুজ, লেমন, কালো ইত্যাদি নজরকাড়া রঙে নিজেকে রাঙিয়ে নিতে পারেন। পোশাক নির্বাচনে লেয়ারিংকে প্রাধান্য দেওয়ার পরামর্শও দেন তিনি।
ফুলহাতার কুর্তি-কামিজ-শার্ট
হালকা ঠান্ডায় আরামে থাকতে ফুলহাতার কুর্তি-কামিজ বেছে নিতে পারেন। চাইলে জিন্সের প্যান্টের সঙ্গে ফুলহাতার শার্টও পরতে পারেন। আবার লম্বা সোজা কাটের কুর্তির সঙ্গে স্ট্রেইট প্যান্ট, পালাজ্জো কিংবা ওয়াইড-লেগ ট্রাউজার পরা যায়। উজ্জ্বল রং যেমন লাল, মেরুন, সরিষা হলুদ, কমলা, জলপাই, সবুজসহ যে কোনো রঙের পোশাক মানাবে। তবে হেমন্তে খুব পাতলা কিংবা বেশি ভারী পোশাক পরা যায় না। পরতে হয় মাঝামাঝি ধরনের পোশাক; যা পরলে খুব গরম লাগবে না, আবার ঠান্ডা থেকেও রেহাই মিলবে। সুতির ফুলহাতা শার্ট, থ্রি কোয়ার্টার কিংবা ফুলহাতা শ্রাগ, ডেনিমের কামিজ-কুর্তি-জাম্প স্যুট ইত্যাদি এ ঋতুতে আরাম দেয়। মিক্সড কটন, ভিসকস, লিনেনের পোশাকও হতে পারে সঙ্গী। কুর্তি-কামিজের সঙ্গে ওড়নাতেও বদল এনে বৈচিত্র্য সৃষ্টি করা যায়। গরমের পাতলা ওড়নার পরিবর্তে একটু ভারী কটন, খাদি বা হ্যান্ডলুমের ওড়না বেছে নিন। একরঙা পোশাকের সঙ্গে প্রিন্টেড ওড়না কিংবা প্রিন্টেড পোশাকের সঙ্গে একরঙা ওড়না–দুভাবেই তৈরি করা যায় পরিপাটি লুক।
ডেনিমের পোশাক
হেমন্তের হালকা ঠান্ডায় ডেনিমের পোশাক পরতে পারেন। ডেনিমের পোশাক বলতে কেবল ভারী পোশাকই হবে এমন নয়। আজকাল অনেক ফ্যাশন হাউস হালকা ওজনের পাতলা ডেনিম দিয়ে কুর্তি, কুর্তা, টুপিস ইত্যাদি তৈরি করছে। পাতলা ডেনিমের পোশাক দুপুরের গরমেও পরা যায়। খুব বেশি অস্বস্তি লাগে না। ডেনিমের ক্রপটপ, টপস, ক্রপ–জ্যাকেটও অনায়াসে পরতে পারবেন। চাইলে শাড়ির সঙ্গেও গলিয়ে নিতে পারবেন ডেনিমের ক্রপটপ। এতে নিজেকে স্টাইলিশভাবে উপস্থাপন করতে পারবেন।
কটি-শ্রাগে অনন্য
হালকা ঠান্ডা তাড়াতে কটি-শ্রাগ হতে পারে অন্যতম পছন্দ। বাজারে সুতি, জর্জেট, ভিসকস, খাদি, লিনেনের কটি ও শ্রাগ পাওয়া যায়। শর্ট কটি, শর্ট শ্রাগও বেছে নিতে পারেন। পাতলা কটন বা লিনেনের কামিজের ওপর হালকা শ্রাগ, লং ভেস্ট কিংবা পাতলা কুর্তি পরা যায়। অনিক কুণ্ডু জানান, কটি বা শ্রাগ বর্তমানে খুব চাহিদাসম্পন্ন পোশাক। উভয়মুখী কটির ব্যাপক চাহিদা এখন। একই পোশাক দিনের বেলা একভাবে এবং সন্ধ্যায় আরেকভাবে স্টাইল করার সুযোগও থাকে।
লা রিভ, কে ক্র্যাফটসহ পোশাকের অনেক ব্র্যান্ডে কামিজের সঙ্গে সংযুক্ত কটি-শ্রাগও পাওয়া যায়। কে ক্র্যাফটের বিভিন্ন আউটলেট ঘুরে দেখা যায়, কটি-শ্রাগের কাপড়েও রয়েছে ভিন্নতা। সুতি, সিনথেটিক ও সিল্কের কটি পাওয়া যাচ্ছে ফ্যাশন হাউসগুলোয়। সব বয়সী নারীর কাছেই কটি ও শ্রাগের গ্রহণযোগ্যতা রয়েছে। তবে তরুণীরা এ ধরনের পোশাক বেশি বেছে নেন। রাতের অনুষ্ঠানের উপযোগী কটির দামে তফাত রয়েছে। তবে সব ধরনের ক্রেতাই তাদের চাহিদা ও সাধ্যের সমন্বয় করে কিনতে পারবেন কটি।
শাড়ির সঙ্গেও শ্রাগ
গরমে যারা শাড়ি পরতে চান না, এ ঋতুতে তারা অনায়াসে শাড়ি পরতে পারেন। সন্ধ্যার ঠান্ডায় শাড়ির সঙ্গে শর্ট শ্রাগ বেছে নিতে পারেন। সুতি, হাফ সিল্ক বা জর্জেটের শ্রাগগুলো বেশ মানিয়ে যাবে। একরঙা শাড়ির সঙ্গে রঙিন এবং কয়েকটি রঙের সংমিশ্রণ আছে এমন শ্রাগ বেছে নিলে ক্যাজুয়াল লুকে বেশ বৈচিত্র্য আসবে।
পুরুষের পোশাকেও ঋতু বদলের ছাপ
হালকা শীতে পুরুষের পোশাকেও আসতে পারে ভিন্নতা। শীতের আগেই পোশাকের ব্র্যান্ডগুলো চাহিদামাফিক পোশাক নিয়ে আসে।
ক্যাজুয়াল ও ফরমাল শার্টের পাশাপাশি ব্র্যান্ডগুলো টেনসিল শার্ট, হালকা ওজনের ডেনিম শার্ট, ডেনিম জ্যাকেট, স্যুট সেট, ইউনিসেক্স শাল, ভেস্ট ইত্যাদি নিয়ে আসে।
কটন শার্টের সঙ্গে চিনো বা ডেনিম কিংবা পাঞ্জাবির সঙ্গে হালকা ওয়েস্টকোট–দুটিই হতে পারে স্বাচ্ছন্দ্যের পোশাক। সাদা, বেইজ, অলিভ, নেভি, চারকোল, ব্রাউন কিংবা মেরুনের মতো রং এ সময় ভালো মানায়।
কোথায় পাবেন, দরদাম
হেমন্তে ছোট-বড় সব ব্র্যান্ডই হালকা শীত ও বেশি শীতের পোশাক নিয়ে আসে। সুতি, হাফ সিল্ক, মখমল, ভিসকস, সিল্কের কটি-শ্রাগ ও অন্যান্য পোশাক আড়ং, রঙ বাংলাদেশ, লা রিভ, কে ক্র্যাফটসহ দেশীয় ফ্যাশন হাউসে পেয়ে যাবেন। ডেনিমের পোশাক পাবেন লা রিভ, সারা, টুয়েলভসহ বিভিন্ন ব্র্যান্ডে। ব্র্যান্ডভেদে দাম দুই হাজার থেকে আট হাজার টাকা।