ঘড়ির কাঁটায় তখন কলকাতা সময় রাত ১২টা। মামার সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছি। মামি এসে রণে ভঙ্গ দিয়ে বললেন অনেক রাত হতে চললো, আর কতক্ষণ চলবে আড্ডা, সকাল বেলা ট্রেন ধরতে হবে না? দেরি করে ঘুম থেকে উঠলে আর দীঘা যেতে হবে না। মামির কথায় সায় দিয়ে দ্রুত ঘুমাতে গেলাম। ভোর সাড়ে ৪টার দিকে মা আর মামির ডাকাডাকিতে উঠেই দ্রুত তৈরি হতে হলো। সূর্যদেব আঁখি মেলে তাকানোর আগেই আমরা বেরিয়ে গেলাম ট্রেন ধরার জন্য। টাক্সি নিয়ে হাওড়া ব্রিজ পেরিয়ে স্বল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। সকাল ৬টায় তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেন ছাড়ার কথা দীঘার উদ্দেশে। আমরা ভোর সাড়ে ৫টার মধ্যে উপস্থিত স্টেশনে।
ঠিক সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল গন্তব্য পানে। মামা বলছিলেন দীঘা পশ্চিমবঙ্গের একমাত্র সমুদ্রকেন্দ্রিক ভ্রমণকেন্দ্র। কলকাতা থেকে মাত্র ১৮৭ কিলোমিটার দূরে মেদিনীপুর জেলায় সমুদ্র, বালিয়াড়ি, ঝাউবন মিলিয়ে অপার প্রাকৃতিক সৌন্দর্য অপেক্ষা করছে প্রকৃতিপ্রেমিক পর্যটকদের জন্য। ৭ কিলোমিটার লম্বা সমুদ্রতট-এর একপাশে গভীর সমুদ্র, অন্যপাশে ঝাউ গাছের অগভীর জঙ্গল। আমরা চলেছি দ্রুতগতির সঙ্গে দীঘার পানে। সকাল ১০টার মধ্যে এসে পৌঁছলাম দীঘা স্টেশনে। হোটেল থেকে গাড়ি পাঠাবে তাই বাইরে গিয়ে কিছু সময় অপেক্ষা করতে হলো। কিছু সময়ের মধ্যে আমাদের বহনকারী মিনি বাস ছুটলো হোটেল পানে। ক্যামেরা বের করে আশপাশের ছবি তুলতে লাগলাম। চারপাশে শুধু গাছ আর গাছ দেখে মনে হচ্ছিল যেন পরিকল্পিত বনায়ন। স্বল্প সময়ের মধ্যে আমরা পৌঁছালাম হোটেলে। দীঘায় দুটি সৈকত রয়েছে। একটি পুরান দীঘার, আরেকটি নতুন দীঘার সৈকত। আমরা পুরান দীঘার সৈকতের পাশেই হোটেলে উঠেছি। হোটেল রুমের বারান্দায় গিয়ে মন জুড়িয়ে গেলো। বারান্দা থেকে সমুদ্র সৈকত দেখা যায়। শত শত মানুষের পদচারণায় মুখর সৈকত এলাকা। একটার পর একটা ক্লান্তিহীন, অবিরত সমুদ্রের বুকে তৈরি হওয়া বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রতটের বালিয়াড়িতে। ক্যামেরা নিয়ে একের পর এক ছবি তুলতে লাগলাম। একটু পরেই শুরু হলো অঝোর ধারায় বৃষ্টি। হোটেলের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির সঙ্গে সমুদ্রের গর্জন বেশ উপভোগ করছিলাম। পেটে টান পড়তেই হোটেলের ক্যান্টিন বয়কে ফোন দিলেন মামা। নান, লাবড়া, ডাল, মাংসের অর্ডার দেওয়া হলো। স্বল্প সময়ের মধ্যে আমাদের মাঝে ওয়েটার খাবার নিয়ে উপস্থিত।
পেটপূজা শেষ করে আমরা বের হয়ে পড়লাম সৈকতে ভ্রমণ করতে। রাস্তায় দেখা মিলল অনেক পর্যটকের। রাস্তার দুপাশে সার দেওয়া দোকান। রঙবেরঙের কতকিছু যে সাজিয়ে রেখেছে! আরও সামনে এগিয়ে যেতে দেখতে পেলাম সমুদ্রের বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে সামনের পাথরগুলোর ওপর। আমাদের গায়েও এসে পড়ছে জলের ছিটা। এখন ভাটা চলছে, তাই সমুদ্র আরও কাছে চলে এসেছে। মামা জানালেন, দীঘার প্রকৃত নাম বীরকুল; যা আঠারো শতকের শেষভাগে আবিষ্কৃত হয়। ভাইসরয় ওয়ারেন হেস্টিংস-এর লেখা একটি চিঠিতে এটিকে ‘প্রাচ্যের ব্রাইটন’ বলে উল্লেখ করেন। ১৯২৩ সালে জন ফ্রাঙ্ক স্মিথ নামে এক ব্রিটিশ ভ্রমণকারী এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দীঘায় বসবাস শুরু করেন। তাঁর লেখালেখির ফলে দীঘা সম্পর্কে মানুষের আগ্রহ বেড়ে যায়। ভারতের স্বাধীনতার পর তিনি পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়কে উৎসাহ দেন এখানে পর্যটনসুবিধা বাড়াতে। এদিকে সূর্য দেবের বিদায় বেলা চলে এসেছে । বিদায়ী সূর্যের সোনালি দীপ্তি পশ্চিম আকাশকে শ্বেতশুভ্র আর সমুদ্রকে নীলাভ করে তোলে। বর্ণময় আলো-আঁধারির এ রূপ দীঘার এক অনন্য প্রাপ্তি। রাতের আঁধারে সমুদ্রতটের দোকানগুলো জেগে উঠল। আমরা সমুদ্রতটের দোকানগুলো ঘুরে দেখতে লাগলাম। হরেক রকমের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ঝিনুকের তৈরি নানা ধরনের সামগ্রী দেখতে পেলাম। ঘুরতে ঘুরতে দেখলাম বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ নিয়ে বসেছেন নারীরা। আপনি যে মাছ খেতে চাইবেন সঙ্গে সঙ্গে ভেজে দেবেন দোকানিরা। রূপচাঁদা, চিংড়ি, কোরাল, সামুদ্রিক ইলিশসহ আরও কত নাম না জানা মাছে আছে সেখানে। আমি রূপচাঁদা আর চিংড়ি মাছের ভাজা নিলাম। বেশ সুস্বাদু খেতে। এদিকে খাবার পর্ব শেষ না হতেই মামা তাড়া দিলেন ফিরে যেতে।
কীভাবে যাবেন
দীঘা যেতে হলে প্রথমে আপনাকে যেতে হবে কলকাতায়। সেখান থেকে রেলে চেপে দীঘায় পৌঁছনো যায় সাড়ে ৩ ঘণ্টার মধ্যে। রেলস্টেশনটি নতুন দীঘায়। এছাড়া কলকাতার বিভিন্ন জায়গা যেমন–ধর্মতলা, লেকটাউন, করুণাময়ী, উল্টোডাঙা, গড়িয়াসহ বিভিন্ন স্থান থেকে সারা দিন ধরেই বিভিন্ন সময়ে দীঘার বাস যায়। বাসে ৫ থেকে সাড়ে ৫ ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় দীঘায়। বাস থামে পুরান দীঘায়।