রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ডিগ্রি অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিনিয়ত নতুন কিছু শেখা, স্বাধীনভাবে চিন্তা করা, সমস্যা সমাধানের দক্ষতা ও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপখাইয়ে নেওয়ার মন-মানসিকতা তৈরিরও আহ্বান জানিয়েছেন তিনি।
রাষ্ট্রপতি বলেছেন, ‘বিগত দেড় দশকে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাব্যবস্থাও ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল। কোনোরকম বাছবিচার ছাড়াই বিশ্ববিদ্যালয় করার অনুমতি দেওয়া হয়েছিল। এসব মানহীন প্রতিষ্ঠান উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে এবং সম্ভাবনাময় বিশাল এক তরুণ সমাজকে হতাশার অতলে ঠেলে দিয়েছে। এতে ব্যক্তির পাশাপাশি দেশের মেধা ও সম্ভাবনারও বিশাল অপচয় ঘটেছে।’ তিনি এ অবস্থা থেকে বের হয়ে আসার ওপর গুরুত্ব আরোপ করেন।
গতকাল মঙ্গলবার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে বক্তব্য দেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন শুধু সনদ অর্জনের আনুষ্ঠানিকতা নয়। এটি দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, ব্যবহারিক ও কারিগরি শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়; দক্ষ কর্মী, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে।
রাষ্ট্রপতির সামনে আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনে উপযোগী শিক্ষার্থীদের উপস্থাপন করেন। রাষ্ট্রপতি ও আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের ডিগ্রি তুলে দেন। আচার্যের পদকপ্রাপ্ত তিন শিক্ষার্থীসহ কৃতিত্বের সঙ্গে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম এবং সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. আইনুন নিশাত। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান মো. জাকারিয়া খান এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আসিফ পারভেজ।