কক্সবাজারে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী। স্বজনদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিল সীমা।
সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের বিচকর্মী মাহবুব আলম জানান, ইজিবাইকে চলাচলের সময় ওই নারী পর্যটকের ওড়না চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তারেকুর রহমান/সালমান/