সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জয় বাংলাদেশ

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ পরেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ডাবল লিগ পদ্ধতির আসরে প্রথম ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারানোর পর ভারতের কাছে ২-০ গোলে হেরেছিল লাল-সবুজরা। তবে তৃতীয় ম্যাচে এসেই জয়ের ধারায় ফিরলো বাংলাদেশ। গতকাল ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। বিজয়ী দলের হয়ে ফরোয়ার্ড থুইনুয়ে মারমা, সুরভী আকন্দ প্রীতি ও রিয়া একটি করে গোল করেন।
কাল হিমালয় কন্যাদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলেছেন অর্পিতা বিশ্বাসরা। ফলে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় কোচ মাহবুবুর রহমান লিটুর দল। ম্যাচের ৬ মিনিটে উম্মে কুলসুমের দুর্বল শট যায় নেপালের গোলরক্ষকের হাতে। পরের মিনিটে গোলমুখ থেকে আলপি আক্তার ঠিকঠাক শট নিতে পারেননি। এক নেপালি ডিফেন্ডারের পায়ে লেগে বল চলে যায় ফাঁকায় থাকা প্রীতির কাছে। তার শটও লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ১৪ মিনিটে প্রীতির প্লেসিং শট ফিস্ট করে ফেরান বলের লাইনে থাকা গোলরক্ষক লক্ষী ওলি। ২০ মিনিটে নেপালের ইয়াম কুমারী চিপ শট নিতে পা বাড়িয়েছিলেন, কিন্তু বলের নাগাল পাননি। ৩৫ মিনিটে অনেকটা ফাঁকা পোস্ট পেয়েও সুরভী আকন্দ প্রীতি বাইরে শট নিয়ে হতাশ করেন। মিনিট ছয়েক পরই খোলে ম্যাচের ডেডলক। ম্যাচের ৪১ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে মামনি চাকমা এগিয়ে বক্সে আড়াআড়ি ক্রস বাড়ান। জটলার মধ্যে এক পর্যায়ে বল এসে পড়ে ফাঁকায় থাকা থুইনুয়ে মারমার পায়ে। তিনি দৃষ্টিনন্দন শটে নেপালের গোলরক্ষককে পরাস্ত করেন (১-০)। ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। লাল-সবুজদের আক্রমণ ঠেকাতে পোস্ট ছেড়ে বক্সের বাইরে বেরিয়ে আসেন গোলরক্ষক লক্ষী ওলি। কিন্তু দলকে পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি তিনি। তাকে কাটিয়ে ফাঁকা পোস্টে ডান পায়ের শটে অনায়াসে বল জালে পৌঁছে দেন প্রীতি (২-০)। ম্যাচের ৫৫ মিনিটে নেপাল সুযোগ পেয়েও তা কাজে লাগতে পারেনি। সাহারা লিম্বুর শট পোস্টে লেগে ফিরে আসে।
৭৯ মিনিটে কাছের পোস্টে নেওয়া প্রীতির শট প্রতিহত হয় ক্রসবারের বাঁধায়। পাঁচ মিনিট পর থুইনুইয়ের দূরপাল্লার শটও ফিরে আসে পোস্টে লেগে। দ্বিতীয়ার্ধের যোগকরা সময়ে প্রীতির আরেকটি শট নেপালের পোস্ট কাঁপিয়ে ফিরে। ম্যাচের যোগকরা সময়ে (৯০+৩ মিনিট) বদলি ফরোয়ার্ড রিয়া নেপালের গোলরক্ষককে কাটিয়ে দারুণভাবে আরেকটি গোল করে ব্যবধান আরও বড় করেন (৩-০)। ফলে শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। তিন ম্যাচের দু’টিতে জিতে ৬ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। এদিকে দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৮-০ গোলে বিধ্বস্ত করে ভারত। তিন ম্যাচ শেষে ভারতের সংগ্রহ ৯ পয়েন্ট। আগামী বুধবার নিজেদের চতুর্থ ম্যাচে ফের নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com