মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের জন্য গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিছুটা চমক রেখেই স্কোয়াড দেওয়া হয়েছে। আগে ঘোষিত প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন নিয়মিত মুখ দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও ইসমা তানজিম। এই তিনজনের জায়গায় চূড়ান্ত দলে যুক্ত করা হয়েছে তুলনামূলক অনভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার রুবাইয়া হায়দার, অফ স্পিনার নিশিতা আক্তার ও টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তারকে।এর মধ্যে প্রথম বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা রুবাইয়ার এখনো ওয়ানডে অভিষেক হয়নি। স্কোয়াডে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলছিলেন, ‘কঠিন পরিশ্রমের মাধ্যমে রুবাইয়া দলে জায়গা করে নিয়েছে। গত ছয় মাসে তার উন্নতি ছিল অবিশ্বাস্য। বিকল্প উইকেটকিপার ও ওপেনার হিসেবে সে আমাদের জন্য দারুণ একজন ক্রিকেটার।








