ময়মনসিংহে এডিপির অর্থায়নে সদর উপজেলার ৪০টি মাধ্যমিক এবং ৮টি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন ৭ জন শিক্ষার্থীকে হুইলচেয়ার প্রদান করা হয়।বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। এ সময় তিনি বলেন, সরকারের উন্নয়ন বরাদ্দের সুষ্ঠু বণ্টনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগ প্রশংসনীয়। অতীতে এই বরাদ্দগুলো সঠিকভাবে বণ্টিত হতো না, ছিল অনিয়ম ও অস্পষ্টতা। কিন্তু বর্তমানে প্রতিটি সরকারি বরাদ্দ স্বচ্ছতার সঙ্গে বণ্টন হচ্ছে। এটি একটি ইতিবাচক বার্তা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিম উদ্দিন, বিভাগীয় কমিশনারের পিএস ইবনে মিজানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।