ক্রীড়া প্রতিবেদক : টুর্নামেন্টে প্রথম সাক্ষাতে বাংলাদেশ ও নেপাল ম্যাচের লড়াই হয়েছিল রুদ্ধশ্বাস। উত্তেজনায় ঠাসা সেই ম্যাচ শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সেই জয়ই এগিয়ে দেয় স্বাগতিক মেয়েদের। ফলে আজ অনূর্ধ্ব-২০ সাফের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ড্র করলেই শিরোপা জিতবে পিটার বাটলারের দল।অন্যদিকে শিরোপা পেতে হলে ন্যূনতম দুই গোলের ব্যবধানে জিততে হবে নেপালকে। নেপাল যদি এক গোলের ব্যবধানে জেতে, তখন শিরোপা নির্ধারণ হবে সরাসরি টাইব্রেকারে। আফঈদা খন্দকার, স্বপ্না রানীরা নিশ্চিতভাবেই সেই সুযোগ প্রতিপক্ষকে দিতে চাইবেন না। ম্যাচ জিতেই শিরোপা উৎসব করতে চাইবেন তাঁরা।কোচ বাটলার যেমন বলেছেন, ‘জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। আমরা সব ম্যাচ জিততে চাই। তবে এটা কঠিন ম্যাচ হবে। আমরাও প্রস্তুত। গত তিন ম্যাচেই দ্বিতীয় সারির দল খেলিয়েছেন বাটলার। এই প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে স্কোয়াডের ২৩ জনই মাঠে নামার সুযোগ পেয়েছেন। টুর্নামেন্ট জেতার চেয়ে মেয়েদের উন্নতিতে নজর বেশি দিয়েছেন বাংলাদেশ কোচ। গত কয়েক ম্যাচের পারফরম্যান্স বিচার-বিশ্লেষণ করে সেরা একাদশ মাঠে নামানোর কথা জানিয়েছেন বাটলার, ‘দলের সবাইকে পরখ করে নেওয়া শেষ। এখন সেরা ১১ জনকে বেছে নেব আমি।খেলার পাশাপাশি বিশ্রামও পেয়েছে মেয়েরা। এই সতেজতা খুব দরকার ছিল।’ পাঁচ ম্যাচে শতভাগ জয়ে বাংলাদেশের পয়েন্ট ১৫। এক ম্যাচ হারায় নেপালের পয়েন্ট ১২। তারা অবশ্য গোল ব্যবধানে (২৬+) বেশ এগিয়ে। বাংলাদেশের গোল গড় ২০+। গত তিন ম্যাচে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের শুরুর একাদশে রাখেননি বাটলার। যার ফলে গোলের সংখ্যা খুব বাড়েনি। সঙ্গে নিষেধাজ্ঞার কারণে স্ট্রাইকার মোছাম্মত সাগরিকা না থাকায় আক্রমণে ভুগেছেও স্বাগতিকরা। তিন ম্যাচ বাইরে থেকে আজই মাঠে ফিরছেন তিনি। তাতে পূর্ণ শক্তির দল নিয়েই নামছে বাংলাদেশ।পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে নেপাল বল পাঠিয়েছে ৩০ বার। তাদের কয়েকজন পারফরমার আছেন, যাঁরা পার্থক্য গড়ে দিতে পারেন। তবে বাংলাদেশ স্বাগতিক বলেই বাড়তি সতর্ক নেপাল। দলের অধিনায়ক বিরসানা চৌধুরী বলেছেন, ‘আগের ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ ছিল। এই ম্যাচেও লড়াই হবে বলে মনে করছি। আমরা চ্যাম্পিয়ন হতেই মাঠে নামব। বাংলাদেশ খুব ভালো দল। নিজেদের মাঠে সব সময় ভালো খেলে। আমরা ওদের শক্তি-দুর্বলতা নিয়ে কাজ করেছি। এখন শুধু মাঠে প্রয়োগ করতে হবে।’ বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।