সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ঝরল ৬ প্রাণ আহত ১০ জন

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাই এলাকায় বেপরোয়া গতির ট্রাক সড়ক দুর্ঘটনার শিকার প্রাইভেট কারটি টেনেহিঁচড়ে ২০০ মিটার নিয়ে যায়। কারটি ট্রাকের সামনের অংশে আটকে গিয়েছিল।পরে চালক ট্রাক ফেলে পালিয়ে যান এবং কারচালককে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে। এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্তে ছয়টি পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশসহ ছয়জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১০ জন। এ সময় ট্রাক উল্টে পাঁচটি গরুও মারা যায়।আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :

 

মিরসরাই : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়া একটি প্রাইভেট কার প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় গাড়ির মালিক তানভীর হোসেন আহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট এলাকায় হাক্কানী পেট্রল পাম্পের পাশে মহাসড়কের ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ জানায়, প্রাইভেট কারটির সামনের অংশ ট্রাকে নিচে ঢুকে যায়। কিন্তু ট্রাকটি কারটি প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায়। ট্রাকচালক পালিয়ে গেছেন।

 

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশসহ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন পাবনার আটঘড়িয়া উপজেলা সদরের আফসার আলীর ছেলে কনস্টেবল বশির উদ্দিন ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শ্যামগাতি গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মর্জিনা খাতুন। নিহত বশির উদ্দিন রেলওয়ে পুলিশের এসপির (পাকশী) গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

 

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সার্জেন্ট আতিক হাসান বলেন, সোমবার সকালে রেলওয়ে পুলিশের এসপি (পাকশী) উল্লাপাড়া উপজেলার রেলওয়ে ওভারব্রিজ এলাকা পরিদর্শনে আসেন। ওই সময় এসপির গাড়ির চালক ও বডিগার্ড রাস্তার পাশে হাঁটাহাঁটি করছিলেন। এমন সময় একটি সিএনজি পেছন থেকে এসে বশির উদ্দিনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাঁকে প্রথমে উল্লাপাড়া উপজেলা হাসপাতাল ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে বশির উদ্দিনের মৃত্যু হয়। অন্যদিকে সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, মর্জিনা খাতুন ছেলের মোটরসাইকেলের পেছনে বসে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের যমুনা কলেজের সামনে পৌঁছার পর একটি কাভার্ড ভ্যান তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় মর্জিনা খাতুনকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় জয় বর্মণ (২২) নামের একজন মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার আলমপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামের নীল কমলের ছেলে। এ ঘটনায় সন্দ্বীপ বর্মণ (২৩) নামের একজন গুরুতর আহত হন। সোমবার সকালে উপজেলার শিমুলতলী ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে উপজেলার আগ্রাদ্বিগুণ এলাকার দিক থেকে একই মোটরসাইকেলে চেপে চারজন বন্ধু একসঙ্গে বাড়িতে ফিরছিলেন।

লালপুর : নাটোরের লালপুরে বেপরোয়া গতিতে চালানো শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ির ধাক্কায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার দুড়দড়িয়া ইউনিয়নের বাঘা-লালপুর হাইওয়ে সড়কের বেরিলাবাড়ী মৌজায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মো. শাহজাহান (৩৫)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার গৌরাঙ্গাপুর এলাকার মো. সাজদারের ছেলে।

সীতাকুণ্ড : চট্টগ্রামের সীতাকুণ্ডে গরুবাহী একটি ট্রাক উল্টে রাস্তার পাশে পড়ে গিয়ে আবদুস সালাম (৫৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। একই সঙ্গে মারা গেছে গাড়িতে থাকা পাঁচটি গরুও। সোমবার বিকেলে পৌরসভাধীন পন্থিছিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুস সালাম কক্সবাজারের উখিয়া থানার মাদপারপাড়া ভালুকিয়া পালং গ্রামের মৃত মীর আহমদের ছেলে। গরুবাহী ট্রাকটি কক্সবাজারের উখিয়ায় যাওয়ার পথে সীতাকুণ্ডে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় তিন গরু ব্যবসায়ীও আহত হন।

সিলেট : সিলেট-তামাবিল মহাসড়কে গেটলক বাসের চাপায় নুসরাত তাসনিম (১৫) নামের এক কিশোরী পর্যটক নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চিকনাগুল গ্যাস ফিল্ডস মেইন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসনিম রাজধানীর যাত্রাবাড়ীর দোলাইরপাড় এলাকার একটি মাদরাসার শিক্ষার্থী। নুসরাত তার মামা ও খালার সঙ্গে সিলেটের জাফলংয়ে ঘুরতে এসেছিল। এ ঘটনায় একই অটোরিকশায় থাকা আরো তিনজন আহত হয়েছেন। এ ছাড়া সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কে হাইড্রলিক ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে হাসান মিয়া গুলাল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে তামাবিল হাইওয়ে থানাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান মিয়া গুলাল গোয়াইনঘাট উপজেলার হাতিপাড়া গ্রামের ছয়ফুল্লার ছেলে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com