ইলেক্ট্রনিক সিক্স-সেন্স
ফেরদৌস নাহার
প্রবল ঝোড়ো বাতাস, বলেছিল আসবে
জলপ্রপাতের দিনে উচ্ছ্বাসের বারান্দা থেকে
উঁকি দেয় হারানো রহস্য
ডেকে আনা ভোর কিংবা ভোরের ধ্বনি
নম্র মুখে খুঁজছে তাকে
কাকে! কোন সর্বনাশের প্রতিধ্বনিকে!
পাহাড়ের চৌকশ খাপে লুকিয়ে রেখে
টানা বারান্দায় হাঁটতে শুরু করি
চলে তো গিয়েছি অনেক আগে
বাঁধভাঙা ক্যামেরা হাতে
চলাচলের ভাসমান দৃশ্যগুলো অগ্নিস্নানে ডাকে
সন্ধ্যার খয়েরি আলো চিৎকার আনন্দে মাতে
বাতাসের যন্ত্রণাগুলো একে একে টেনে নিই কাছে
ভেতরের তোলপাড় হেঁটে হেঁটে একাকার, চলে যায়
দীর্ঘ ইতিহাসের ইলেক্ট্রনিক সিক্স-সেন্স মাতাল করে
ওই যে বলেছিল আসবে
তার নাম কেউ রাখেনি মনে
কোন যন্তর-মন্তর ঘোরে মাথা থেকে মুছে যায় স্মৃতি
অগ্নিস্নানের পরে এ-কোন মধ্যাহ্ন আহুতি
ঢলে পড়ে সূর্যের ঘন সংহতি কিংবা টকটকে জ্যোতি
ঠিকরে পড়ে দুচোখের দৃষ্টি দূর থেকে দূরে
আমি যাই, তাহলে আমি যাই
হারানো নামের সঙ্গে সাতজন্মের ক্ষুধা নিয়ে
বৃত্তাকারে ঘুরতে থাকি প্রাচীন মাঠে
ওই দেখ কত কিছু যে এখনও বাকি
ভ্রমণের একটু আগে দীর্ঘশ্বাসের দরজা খুলে
উড়িয়ে দিই অলৌকিক ছবি।