বর্ষা তোমার প্রিয় ঋতু, এতকাল জেনে এসেছি
বর্ষা নিয়ে লেখা তোমার বহু চিরকুট আমার-
মনের মণিকোঠায় আজও মমি এঁকে গেঁথে রেখে দিয়েছি
বিশেষ করে রোববারের বৃষ্টিতে কলেজ ফিরতিপথে
বৃষ্টিস্নাত তোমার চোখ কান নাক জিহ্বা ত্বক রূপ মাধুরী
যত চাঞ্চল্য দেখে দেখে-
প্রবল উৎসাহে মনে হতো যেন, আমি এভারেস্ট বিজয়ী!
অথচ বর্ষাবিষয়ক তুমি এখন এমন তেমন
বলে বলে এড়িয়ে যাচ্ছ;
আর এই ‘শ্রাবণ বর্ষণে’ রেস্তোরাঁয় আড্ডা জমানো বন্ধুদের মাঝে
তোমার প্রসঙ্গ এলে, আমি নিঃশব্দে বসে থাকি।