সামনেই ভালোবাসা দিবস। বিশেষ এই দিনে প্রিয়জনকে চমকে দিতে পারেন নিজের হাতে কেক বানিয়ে। মজার কিছু কেকের রেসিপি দিয়েছেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের এক্সিকিউটিভ সু সেফ এমডি পলাশ মোল্লা
রেড ভেলভেট
উপকরণ: ময়দা দেড় কাপ, চিনি এক কাপ, ডিম দুটি, দুধ বা বাটার মিল্ক এক কাপ, তেল বা গলানো মাখন আধা কাপ, কোকো পাউডার এক টেবিল চামচ, বেকিং পাউডার এক চা চামচ, বেকিং সোডা আধা চা চামচ, ভ্যানিলা এসেন্স এক চা চামচ, লাল ফুড কালার এক-দুই চা চামচ, ভিনেগার বা লেবুর রস এক চা চামচ।
প্রস্তুত প্রণালি: ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করুন এবং কেক টিন গ্রিজ করে নিন। একটি বাটিতে ডিম ও চিনি ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর তেল, দুধ বা বাটার মিল্ক ও ভ্যানিলা এসেন্স মেশান। আলাদা বাটিতে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার ও বেকিং সোডা চেলে নিন। শুকনো উপকরণ ধীরে ধীরে তরল মিশ্রণে যোগ করে মসৃণ ব্যাটার তৈরি করুন। এতে লাল ফুড কালার ও ভিনেগার যোগ করে ভালোভাবে মেশান। প্রস্তুত ব্যাটার কেক টিনে ঢেলে ৩৫-৪০ মিনিট বেক করুন। ঠান্ডা হলে ছাঁচ থেকে বের করুন।
চকলেট ফাজ অ্যান্ড ভ্যানিলা
উপকরণ : ময়দা দেড় কাপ, চিনি এক কাপ, ডিম তিনটি, দুধ এক কাপের তিন-চতুর্থাংশ, তেল বা গলানো মাখন এক কাপের তিন-চতুর্থাংশ, বেকিং পাউডার দেড় চা চামচ, বেকিং সোডা আধা চা চামচ, কোকো পাউডার তিন টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স এক চা চামচ।
প্রস্তুত প্রণালি: ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করুন এবং কেক টিন গ্রিজ করে নিন। একটি বাটিতে ডিম ও চিনি ভালোভাবে ফেটিয়ে নিন। এতে দুধ, তেল ও ভ্যানিলা এসেন্স মেশান। আলাদা বাটিতে ময়দা, বেকিং পাউডার ও বেকিং সোডা চেলে নিন। শুকনো উপকরণ ধীরে ধীরে তরল মিশ্রণে যোগ করে স্মুথ ব্যাটার তৈরি করুন। ব্যাটার দুই ভাগ করুন। এক ভাগে কোকো পাউডার মিশিয়ে চকলেট ব্যাটার বানান। প্রস্তুত কেক টিনে প্রথমে ভ্যানিলা ব্যাটার, তারপর চকলেট ব্যাটার ঢালুন। ৩৫-৪০ মিনিট বেক করুন। ঠান্ডা হলে ছাঁচ থেকে বের করে পরিবেশন করুন
ব্ল্যাক ফরেস্ট
উপকরণ: চকলেট স্পঞ্জ কেকের জন্য ময়দা এক কাপ, কোকো পাউডার এক কাপের এক-চতুর্থাংশ, বেকিং পাউডার এক চা চামচ, বেকিং সোডা আধা চা চামচ, এক কাপের তিন-চতুর্থাংশ চিনি, ডিম দুটি, দুধ আধা কাপ, তেল বা গলানো মাখন আধা কাপ, ভ্যানিলা এসেন্স এক চা চামচ। চেরি ফিলিংয়ের জন্য: চেরি (ক্যানড বা ফ্রেশ) এক কাপ, চিনি দুই টেবিল চামচ, চেরি সিরাপ প্রয়োজনমতো। হুইপড ক্রিমের জন্য: হুইপিং ক্রিম দেড় কাপ, আইসিং সুগার ৩-৪ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স আধা চা চামচ। সাজানোর জন্য: চকলেট শেভিংস, গ্রেটেড চকলেট ও চেরি।
প্রস্তুত প্রণালি: ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করুন। একটি বাটিতে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার ও বেকিং সোডা চেলে নিন। আলাদা বাটিতে ডিম ও চিনি ভালোভাবে ফেটিয়ে নিন। এতে দুধ, তেল ও ভ্যানিলা এসেন্স মেশান। শুকনো উপকরণ ধীরে ধীরে মিশিয়ে স্মুথ ব্যাটার তৈরি করুন। গ্রিজ করা কেক টিনে ঢেলে ৩০-৩৫ মিনিট বেক করুন। ঠান্ডা হলে কেকটি মাঝখান থেকে দুই ভাগ করুন। হুইপড ক্রিম: ঠান্ডা হুইপিং ক্রিমে আইসিং সুগার ও ভ্যানিলা এসেন্স দিয়ে শক্ত হওয়া পর্যন্ত বিট করুন।
কেক অ্যাসেম্বল: প্রথম কেক লেয়ারে চেরি সিরাপ ব্রাশ করুন। হুইপড ক্রিম লাগিয়ে চেরি ছড়িয়ে দিন। ওপরের কেক লেয়ার বসিয়ে আবার সিরাপ ব্রাশ করুন। পুরো কেক ক্রিম দিয়ে কভার করুন। চারপাশে চকলেট শেভিংস লাগান। ওপরে চেরি দিয়ে সুন্দরভাবে সাজান। ফ্রিজে ২-৩ ঘণ্টা রেখে ঠান্ডা হলে পরিবেশন করুন।