সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পদাবলি

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

বিষাদপুরাণ
সোহরাব হাসান

বিষাদ আমার প্রিয় সখা, বিষাদ ঘোরতর আততায়ী
আমি যতই তাকে ছাড়াতে চাই, কিছুতে সে ছাড়ে না।

কখনও প্রাক্তন প্রেমিকার মতো বিষাদ আমাকে ডাকে
কখনও কর্কট ব্যাধির মতো জাপটে ধরে সমস্ত শরীর।

যখন আমি ঘরে থাকি বিষাদ সারাক্ষণ তীক্ষ্ণ নজর রাখে
যাতে অন্য কেউ সেখানে প্রবেশ না করতে পারে
যখন বাইরে যাই, সেও সঙ্গে যায়; যেন দেহরক্ষী আমার

বিষাদ বিকেলের নরম আলোর মতো কখনও জড়িয়ে থাকে
কখনও গুপ্তঘাতকের মতো ছুরি বসিয়ে দেয় বুকে।
 

সোনালি রঙের প্রেমিকা
রাজু আলীম

সমুদ্র স্নানের আগে কিংবা পরে কী যে হলো কেউ কি জানে?
মেঘ-বালিকাদের আমন্ত্রণে টিএসসি-তে যারা যায়
তারা কেবল জানে, কী জানি হয়তো জানে না,
আগুনলাগা রাতের অপেক্ষায় থাকা
জংলা ফাঁদে পড়া যুবক জানে, একমাত্র একা সেই যুবকই জানে
তার জন্য কোন মাহেন্দ্রক্ষণ অপেক্ষা করছে
সারা পৃথিবীর যার জন্য হা-হুতাশ, সমস্ত মোবাইল ফোনের
বাটনগুলো দ্রুত স্পর্শ হতে থাকে যার জন্য, যিনি একটু, একটুখানি হেঁটে গেলে বিষণ্ণ বাতাস চঞ্চলতা ফিরে পায়
আকাশের পলক ফেরে না, ঈশ্বর স্বয়ং বিস্ময়ে স্তম্ভিত হয়
সেই তিনি যদি–
হঠাৎ, হঠাৎ করে একা হয়ে যান, শুধুই একা হয়ে যান
আর সে যদি হয় শুধু আপনার, একান্তই আপনার, ভাবুন তো–
ইশ! সে কথা ভাবলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে
সে এক স্বপ্নময় সোনালি দিন, আহা! মাহেন্দ্রক্ষণগুলো
তার বুকের ভিতর সমুদ্র, আমি যে কতটা ক্ষুদ্ৰ ভেবে বিস্মিত হই
যেখানে আমার, বোতাম খোলা জামার… দেখার কেউ নেই
শুধু তিনি, আমি আর সমুদ্রের জল
জল যে কতটা তল গভীর সমুদ্রে নিয়ে যেতে পারে
তা কে কতটা জানে, কেউ জানে না। কী জানি হয়তো জানে।
এখন সকাল দুপুর বিকেল কিংবা রাত্রি
শুধু যার অপেক্ষায় থাকি
যার জন্য হৃদয়টা আমার আগুন ছাড়া পোড়ে
আমি থাকি তার সকল ঘোরে, তাকে নিয়ে সমুদ্রে যাব।
আহা! নীল সমুদ্রের জল ছোঁব চার হাতে
হাঁটছি একসাথে, হাঁটছি তো এখনও হাঁটছি–
হেঁটে যাচ্ছি সিদ্ধেশ্বরীর রাস্তা দিয়ে, কৃষ্ণবর্ণ যুবক এই আমি।
 

শোনো পুঁইপাতা
জাকির জাফরান

শীত এসে দেখে গেল, আমি আর নেবুফুল ঘুমিয়ে রয়েছি। শীত এসে দেখে গেল, দরোজার বাইরে মৌমাছি আছে অপেক্ষায়।
বাতাস বইছে রাতে অজানা দিগন্ত হতে আজ। কোথাও তো শব্দ নেই। শূন্যতাও নেই। শীত এসে দেখে গেল মাঝরাতে বিছানার সব কারুকাজ।
কোথাও জায়গা নেই। চারা হাতে ঠায় তুমি দাঁড়িয়ে রয়েছ। যদি না জায়গা পাও, আমারই অন্তরে আজ রুয়ে দাও গাছ।
কে জানে কোথায় কাঁদে ফেলে আসা হাওরের হিজলের ফুল। কুয়াশার প্রতারণা প্রতিদিন বেড়ে চলে। পৃথিবীর ছাদে ছাদে, আমি উষ্ণ পুঁইপাতা, তুমি তার উপরে ঝরে পড়া শীতার্ত বকুল।
আজ শীত এসে দেখে গেল, নিঃসঙ্গ শামুক এক জেগে আছে দূর জানালায়।

 

মুক্ত ও সংযুক্ত
হুমায়ূন আকাশ

আমার আমিকে নিয়ে সমস্যায় মানুষ সম্প্রদায়
নির্ভারে দেখলে আমার আমিরা মূলত সমস্যার কেন্দ্রে
তাদের স্ব’চরিত্রটা স্বৈর’সাম্প্রদায়িক!
সমগ্রের কর্মালয়ে দেখলে চোখে পড়ে
মানুষের এই আমি আমার সূচনা ছিন্ন বিচ্ছিন্নের
উগ্র সাম্প্রদায়িকতায় মানুষ আজ
অসহায়ত্বের চূড়ায় চির নিঃসঙ্গতায়!

‘তুমি আমার আমি তোমার’ এ কথাটিতে প্রেম কোথায়
এ তো প্রাপ্তি অপ্রাপ্তির বিনিময়ী বিকৃতি,
মানুষ সম্প্রদায় সময় হয়েছে সমগ্রের কর্মে অংশগ্রহণে ফেরার
এ ফেরাটা যদি হয় পৃথিবীর প্রাণাঙ্গিকের
কর্মে প্রশ্নে প্রেমে নিজ অবস্থানে মুক্তির…
জীবের সর্বত্রেই অংশগ্রহণের কর্মকথায় ধ্বনিত হয়–

প্রত্যেককে নিজ নিজ কর্মে প্রশ্নে মুক্ত
সমগ্রের বিকশিত অঙ্গ মাধ্যমের প্রেমে সবাই সংযুক্ত।

 

রাত নামে
অনুপমা অপরাজিতা

রাত নামে শীতের ভারে, রেলস্টেশনের ফুটপাথে
বস্তিবাসীর ঘুম জমে থাকে ছেঁড়া কাঁথার নিচে;
হাজার তালির ক্ষতচিহ্নে মোড়া শরীরের ভাঁজে
জবুথবু স্বপ্ন চেপে ধরা এক নিদ্রিত কিশোরী
রুক্ষ চুলের আঁকাবাঁকা সিঁথি জুড়ে অন্ধকার
ধীরে ধীরে বসে পড়ে, নামহীন ক্ষুধার মতো।

একই রাত নামে জমকালো জলসায়
ঝলসানো বারবিকিউর গন্ধে বিবেক ঝাপসা,
বেলাভূমি জুড়ে বিলাসী পায়ের অবিরাম যাতায়াত;
নিমেষে চোখ দুটো শরীর ছেড়ে হাঁটে,
স্বতন্ত্র এক মাদুলির পিছ ধরে,
ওভারকোটের গা ছুঁয়ে যায়, স্পর্শের দায় এড়িয়ে।

রাত নামে নক্ষত্রের পতনে,
রাত নামে উড্ডীন পালের দিগ্‌ভ্রান্ততায়,
রাত নামে ছলাকলার অগোচরে
হাতের সঙ্গে হাত মিশে যায়, নাম না-জানা অজুহাতে
জলরাশির ফেনিল আশ্লেষে ভিজে ওঠে শহর,
শেষে ধূসর বিষণ্ন কুয়াশায় রাত নামে–

সব আলো নিভিয়ে দিয়ে…

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com