বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রত্যাশা

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে
পৌষের প্রথম ভোরে হিমেল বাতাস বইছে। শিশিরভেজা সবুজ ঘাসে লাল আভা ছড়াল রক্তিম সূর্য। প্রকৃতির রঙের এই কারুকাজ মনে করিয়ে দিল দেশপ্রেম, বীরত্ব, হাহাকার, আত্মত্যাগ, এক সাগর রক্ত, লাখো শহীদ ও লাল-সবুজ পতাকার কথা। দিনটি ১৬ ডিসেম্বর, আমাদের মহান বিজয় দিবস।

 

বরাবরের মতো যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে গতকাল মঙ্গলবার এবারের মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিজয়ের ৫৪ বছর পূর্তির দিনে শ্রদ্ধা ও ভালোবাসায় মহান স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গ করা শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছে দেশবাসী। শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে যথাযথভাবে ধারণ করে একটি নতুন গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

শীতের সকালের আলস্য উপেক্ষা করে গতকাল বিজয় দিবসের প্রথম প্রহর থেকে শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নামে।

স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন পেশাজীবী সংস্থা। 

বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসেও উদযাপিত হয়েছে দিবসটি। প্রবাসে থাকা বাংলাদেশিরা যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন বিজয় দিবস।

 

গতকাল ভোরে রাজধানীতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা করা হয়। সকাল ৬টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং সকাল ৬টা ৫৬ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি ও প্রধান উপদষ্টা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল তাঁদের রাষ্ট্রীয় সালাম দেয়। বিউগলে বেজে ওঠে করুণ সুর।

তিন বাহিনীর পক্ষ থেকে শহীদদের সম্মানে দেওয়া হয় গার্ড অব অনার। 

 

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদষ্টা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশলবিনিময় করেন। এ ছাড়া প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, তিন বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিকসহ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তি, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন।

হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে সারিবদ্ধভাবে অবস্থান নিয়ে পর্যায়ক্রমে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তাঁরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ঢল বাড়তে থাকে জাতীয় স্মৃতিসৌধে। ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদি।

নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষের ভিড়ে এদিন জাতীয় স্মৃতিসৌধে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মুখে ও হাতে জাতীয় পতাকা ও স্মৃতিসৌধের ছবি এঁকেছেন কেউ কেউ। অনেকেই কণ্ঠ মিলিয়েছেন দেশাত্মবোধক গানের সঙ্গে। শীত উপেক্ষা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারাও। লাল-সবুজের উপস্থিতিতে রঙিন হয়ে ওঠে স্মৃতিসৌধ এলাকা।

শ্রদ্ধা নিবেদন শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘এটা তো সত্য কথা, ৫৪ বছর পরেও যখন একটা গণ-অভ্যুত্থান হতে হয়, এর অর্থ হচ্ছে একাত্তরের যে স্বপ্ন, বিশ্বাস ও প্রত্যাশা আমাদের ছিল, রাষ্ট্র তা পূরণ করতে পারেনি। আমরা আশা করি, আগামী নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে। এই ভিত্তি গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ বিএনপির নেতাকর্মীরা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

একাত্তরের মুক্তিযুদ্ধ ও ২০২৪-এর গণ-অভ্যুত্থানকে একই কাতারে দাঁড় করানোর চেষ্টা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘একাত্তর ও চব্বিশ যার যার অবস্থানে স্বমহিমায় বিরাজমান। একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না। এটা সম্ভবও নয়। গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে সূর্যসন্তান আখ্যা দিয়ে জামায়াত মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে।’

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি নিয়ে এই বাংলাদেশ হয়েছিল, তা বিনির্মাণ করা যায়নি এখনো। এই দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে গণ-অভ্যুত্থান ও গণবিপ্লব সংঘটিত হয়েছিল। ’৪৭ থেকে ’৭১ এবং ’৭১ থেকে ’২৪-এ যে ঐতিহাসিক লড়াই এই বঙ্গজনপদের মানুষ করেছে, সেই লড়াইকে ধারণ করে সামনের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।”

১৯৪৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংঘটিত সব আন্দোলনে শহীদদের স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, ‘প্রতিটি লড়াই আমাদের আবেগের জায়গা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের মাধ্যমে আমরা বিজয় পেয়েছি। স্বাধীন ভূখণ্ডে আমাদের প্রত্যাশা ছিল, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা—একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, এই মুক্তি গত ৫৪ বছরে আসেনি।’

বাসস জানিয়েছে, বিজয় দিবস উপলক্ষে গতকাল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বিদেশের মাটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতেও উড়েছে জাতীয় পতাকা। সন্ধ্যায় গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলোতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। রাজধানীসহ দেশের প্রধান শহরগুলোর সড়ক ও সড়কদ্বীপগুলো জাতীয় পতাকা, ব্যানার ও বর্ণিল ফেস্টুনে সাজানো হয়েছিল। দিবসটি উপলক্ষে জাতীয় কর্মসূচির মধ্যে তিন দিনব্যাপী বিজয় মেলা, রেকর্ডসংখ্যক জাতীয় পতাকা নিয়ে প্যারাশুটিং, ব্যান্ড শো ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল। এ ছাড়া কবিতা আবৃত্তি, মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং অ্যাক্রোবেটিক প্রদর্শনীর আয়োজনও ছিল।

দিনটি উপলক্ষে প্রধান উপদেষ্টা গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন রাষ্ট্রপতি। এতে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। এ ছাড়া মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন সিনেমা হলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। বিভিন্ন মিলনায়তন ও উন্মুক্ত স্থানে প্রদর্শিত হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র।

বিজয়ের ৫৪ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্যে গতকাল দুপুর ১২টার দিকে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে আকাশ থেকে ঝাঁপ দেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে রাজধানীর তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে জাতীয় প্যারেড স্কয়ারে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী যৌথভাবে এই ঐতিহাসিক প্রদর্শনীর আয়োজন করে। প্রধান উপদেষ্টা জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই ফ্লাইপাস্ট, প্যারাজাম্প, এরোবেটিক প্রদর্শনী ও ব্যান্ড পরিবেশনা উপভোগ করেন।

 

শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা

আইজিপি ও ডিএমপি কমিশনারের শ্রদ্ধা

মহান বিজয় দিবসে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। গতকাল সকাল ৮টায় রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন। পরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শ্রদ্ধা নিবেদন করেন।

 

প্রতীকী স্বাধীনতা পেয়েছি বটে

অর্থবহ হয়নি : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, ‘স্বাধীনতার ৫৫তম দিবসেও জাতি তার জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছে। একাত্তর সালে এত এত রক্ত ও জীবন উৎসর্গ করে আমরা আসলে কী পেলাম? প্রতীকী স্বাধীনতা পেয়েছি বটে, কিন্তু সেই স্বাধীনতা অর্থবহ হয়নি। একাত্তরের বিজয়কে অর্থবহ করার সংগ্রাম অব্যাহত রাখব ইনশাআল্লাহ।’

গতকাল রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। আয়োজন করে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।

 

গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রত্যাশা

গান, নাচ ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে ‘বিজয় উৎসব ২০২৫’ উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। গতকাল বিকেলে রাজধানীর আবাহনী মাঠে এই উৎসবের আয়োজন করা হয়।   ছবি : কালের কণ্ঠ

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com