বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ফুলে ফুলে ছেয়ে গেছে বেদি। ধর্ম, বর্ণ, বয়স, শ্রেণি, পেশা, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে আসা দেশের সর্বস্তরের মানুষের চোখে ছিল অশ্রু, ভালোবাসা ও হাহাকার। যথাযোগ্য মর্যাদায় ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তাঁরা নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে স্মরণ করেছেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের। অগ্রহায়ণের শীত শীত সকালে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও বধ্যভূমিতে আগতরা যেন বিছিয়ে দিয়েছেন বিনম্র শ্রদ্ধা ও শোকের চাদর।

 

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর থেকে প্রতিবছর ১৪ ডিসেম্বর পালিত হয়ে আসছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

রাজধানীর মিরপুর ও রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গতকাল রবিবার ভোর থেকেই সমবেত হতে থাকে সর্বস্তরের মানুষ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকাল ৭টা ৪ মিনিটে এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকাল ৭টা ২২ মিনিটে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজমসহ উপদেষ্টামণ্ডলীর সদস্যরা। তাঁদের শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 

গতকাল ভোরের আলো ফুটতেই সর্বস্তরের মানুষ দেশের বিভিন্ন বধ্যভূমি ও স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা, ভালোবাসা, বেদনা ও অশ্রুমাখা ফুলে ভরে ওঠে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধসহ সারা দেশের বিভিন্ন স্মৃতিসৌধ ও বধ্যভূমিগুলো।

শহীদ পরিবারের সদস্যসহ শ্রদ্ধা জানায় সমাজের সর্বস্তরের মানুষ। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে বিদেশে বাংলাদেশের বিভিন্ন হাইকমিশনেও। 

শ্রদ্ধা জানানোর পাশাপাশি সভা, সেমিনার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতি যখন নতুন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, ঠিক তখনই দেশের শক্ররা হত্যাকাণ্ড ও সহিংসতায় লিপ্ত হয়েছে। এ ধরনের ষড়যন্ত্রমূলক অপতৎপরতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার অপচেষ্টা।’ 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলের নেতারাও মিরপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধপন্থী লেখক, সাহিত্যিক, সাংবাদিকসহ চিন্তাশীল মানুষদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়, যাতে বাংলাদেশ স্বনির্ভরভাবে দাঁড়াতে না পারে। আজও নির্বাচন ও গণতান্ত্রিক অভ্যুত্থান নস্যাৎ করতে পরিকল্পিত টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটছে।’

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী কৃষক দল, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, বাসদ (মার্ক্সবাদী), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাতীয় জনতা পার্টি, বিপ্লবী ছাত্র মৈত্রী, বিপ্লবী কমিউনিস্ট লীগ, আমার বাংলাদেশ (এবি পার্টি), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), ঢাকা আইনজীবী সমিতি, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ মহিলা পরিষদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), বাংলাদেশ জাতীয় জাদুঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তি শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে বাংলা একাডেমি বিশেষ সেমিনারের আয়োজন করে। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। গতকাল সন্ধ্যায় জাদুঘর মিলনায়তনে পরিবেশিত হয় রশীদ হায়দার সম্পাদিত ‘স্মৃতি : ৭১’-এর বিশেষ উপস্থাপনা ‘ফিরে দেখি একাত্তর’।

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (বাঁয়ে) ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবী দিবসে গতকাল রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি : পিআইডি

 

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ (বাঁয়ে) ও বিএনপি। ছবি : পিআইডি ও কালের কণ্ঠ

 

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

এনসিপি (বাঁয়ে) ও মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম মুক্তিযুদ্ধ সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।       ছবি : কালের কণ্ঠ ও পিআইডি

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com