বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

হাদি এখনো সংকটাপন্ন শ্যুটার গ্রেপ্তারে জোর চেষ্টা

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে এখন এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন তিনি। গতকাল শনিবার চিকিৎসকসহ সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা যায়।

হাদির সম্ভাব্য হামলাকারীকে ধরতে সারা দেশে চলছে সাঁড়াশি অভিযান।

সীমান্তে নেওয়া হয়েছে বিশেষ নজরদারি। হামলাকারী হিসেবে পুলিশের সন্দেহে থাকা এক যুবকসহ আরো অনেকে রয়েছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন ওই হামলাকারীকে শনাক্তের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
 

যে অস্ত্র দিয়ে হাদিকে গুলি করা হয়, সেটি বিদেশি বলছেন গোয়েন্দারা। ওই অস্ত্রের গুলির ফরেনসিক পরীক্ষা চলছে। এর বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সন্দেহে রয়েছে।

তদন্ত সূত্র জানায়, দীর্ঘ পরিকল্পনা করে হাদিকে গুলি করে হত্যার চেষ্টা চালানো হয়।

নেপথ্যের 

বেশ কিছু কারণ সামনে রেখে এ ঘটনার তদন্ত চলছে। শুধু একজন ‘শ্যুটার’ নয়, পেছনে আরো অনেকে জড়িত থাকার প্রাথমিক তথ্য যাচাই করছে পুলিশ। গতকাল রাত সাড়ে ৮টা পর্যন্ত এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কেউ গ্রেপ্তার হয়নি।

এমন পরিস্থিতিতে সংকটাপন্ন হাদির চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাঁর ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দেশব্যাপী চলছে বিক্ষোভ কর্মসূচি।

 

সংশ্লিষ্ট একাধিক পুলিশ ও গোয়েন্দা সূত্র বলছে, গত শুক্রবার হাদিকে গুলি করার আগে সন্ত্রাসীদের একটি বড় গ্রুপ জুমার পর বিজয়নগর এলাকায় অবস্থান নিয়েছিল। নামাজের কারণে সে সময়ে সড়কে তেমন লোকজন ছিল না। ছিল না আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তেমন উপস্থিতি। এই সুযোগ কাজে লাগিয়ে দ্রুততার সঙ্গে মিশন সফল করে ‘শ্যুটারসহ’ সন্ত্রাসীরা পালিয়ে যায়। এর পর থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেননি আইন-শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা।

এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। এ ব্যাপারে পল্টন থানার ওসি মো. মোস্তফা কামাল কালের কণ্ঠকে বলেন, ‘হাদিকে গুলি করার ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে শিগগিরই মামলা হবে।’

হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক : হাদির চিকিৎসাসংক্রান্ত অগ্রগতি সম্পর্কে অন্তত ৭২ ঘণ্টা না পেরোলে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়ে এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের পরিচালক (মেডিক্যাল সার্ভিস) ডা. আরিফ মাহমুদ বলেন, ‘হাদির অবস্থা এখনো সংকটাপন্ন। মেডিক্যাল বোর্ডের অধীনে হাদির চিকিৎসা চলছে।’

গতকাল দুপুরে এভারকেয়ারের সামনে ডা. আরিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘ওসমান হাদির হৃদযন্ত্র সচল থাকলেও মস্তিষ্কের অবস্থা খারাপ। তাই এককথায় এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। প্রয়োজনে অপেক্ষার সময় আরো দীর্ঘ হতে পারে।’

ডা. আরিফ মাহমুদ বলেন, ‘মস্তিষ্কের স্টেমে আঘাতের কারণে হাদির চোখ স্থির হয়ে আছে। তবে ইতিবাচক দিক হলো, তাঁর শরীরের অন্যান্য অঙ্গ এখনো কার্যকর রয়েছে।’

গতকাল ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউ অ্যান্ড এইচডিইউর সিনিয়র কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবালের পাঠানো এক বার্তায় বলা হয়, ওসমান হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক। তাঁর চিকিৎসায় বিভিন্ন বিভাগের ১৩ জন চিকিৎসকের সমন্বয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ছাড়া ফুসফুসে ইনজুরি আছে ও চেস্ট ড্রেইন টিউবে অল্প ব্লাড আসছে। তা অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে মেডিক্যাল বোর্ড।

ডা. মো. জাফর ইকবাল বলেন, অবস্থা যদি একটু স্ট্যাবল হয়, তাহলে ব্রেনের রিপিট সিটি স্ক্যান করানো যেতে পারে।

ব্রেইন স্টেমে আঘাতের কারণে রক্তচাপ ও হৃদস্পন্দন ওঠানামা করছে জানিয়ে চিকিৎসক বলেন, রক্তচাপের জন্য সাপোর্ট যেভাবে দেওয়া আছে, সেটা সেভাবেই চলবে। যদি হৃদস্পন্দন কমে যায়, তাহলে টেম্পোরারি পেস মেকার লাগানোর জন্য টিম সার্বক্ষণিক রেডি আছে, সেটা লাগানো হবে।

তাঁর কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে জানিয়ে বোর্ড বলছে, সেটাকে ধরে রাখার জন্যফ্লুইড ব্যালেন্স যেভাবে ঠিক রাখা হচ্ছে, সেভাবেই কন্টিনিউ করতে হবে। শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণ হওয়ার মধ্যে যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছিল (ডিআইসি), সেটা অনেকটাই ঠিক হয়ে আসছে। ব্রেন স্টেমে ইনজুরির কারণে ব্লাড প্রেসার ও হার্টবিট ওঠানামা করছে।

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা

ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িতকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এমন তথ্য জানান। তিনি বলেন, ‘হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। সবাই তাঁর জন্য দোয়া করবেন। সবার দোয়ায় তিনি আমাদের মধ্যে আবার ফিরে আসতে পারবেন।’

আসামি ধরার প্রক্রিয়া চলমান আছে জানিয়ে তিনি বলেন, সবার সহযোগিতায় খুব তাড়াতাড়ি সন্ত্রাসীদের ধরতে পারব।

প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে : ডিএমপি কমিশনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এক অনুষ্ঠান শে‌ষে তিনি এ কথা ব‌লেন।

হাদির ওপর হামলাকারী শিবিরের লোক, ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় দাবি করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এআই দিয়ে তৈরি করা একটি ছবি প্রচার করা হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘সেটি দেখেই তিনি (রুহুল কবীর রিজভী) ডিএমপি কমিশনারের বরাতে বোগাস তথ্য ছড়িয়েছেন।’

সম্ভাব্য হামলাকারীর ছবি প্রকাশ ডিএমপির : ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনের ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাঁকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে ডিএমপি। সন্দেহভাজন ওই ব্যক্তির বিষয়ে তথ্য জানতে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। তথ্য দাতাকে পুরস্কার দেওয়া হবে। গতকাল সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

পুলিশ বলছে, ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পেশাদারদের যোগাযোগ মাধ্যম লিংডইনে ফয়সাল করিমের নামে প্রোফাইল আছে। সেখানে ফয়সাল নিজেকে অ্যাপল সফট আইটি, ওয়াইসিইউ টেকনোলজি ও এনলিস্ট ওয়ার্ক নামে তিনটি প্রতিষ্ঠানের মালিক হিসেবে উল্লেখ করেন। এই প্রোফাইলের তথ্য অনুযায়ী, ফয়সাল করিম ২০১৩ সালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন তিনি। পরে আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। এরই মধ্যে হাদির সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ হাদির সঙ্গে ঢাকা-৮ আসনে গণসংযোগ ও বাংলামোটরে হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারের আড্ডায় ফয়সালের অংশ নেওয়ার ছবিও ভাইরাল হয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। ফয়সাল করিমের স্থায়ী ঠিকানা বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে, কেশবপুর কলেজসংলগ্ন এলাকায়।

গত বছরের ২৮ অক্টোবর আদাবর থানার বায়তুল আমান হাউজিং এলাকায় তাঁর বিরুদ্ধে ১৭ লাখ টাকা লুটের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে আদাবর  থানায় একটি মামলাও রয়েছে। ওই মামলায় তিনি এর আগে গ্রেপ্তার হয়েছিলেন। ওই সময় তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, পাঁচ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। বর্তমানে উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।

ডিএমপির বিজ্ঞপ্তি : গতকাল ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তের খোঁজ চলছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাঁকে হন্যে হয়ে খুঁজছে। ওই ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তাঁর সন্ধান পেলে দ্রুত নিম্নলিখিত মোবাইল নম্বর অথবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হলো। সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। পুলিশের মতিঝিল ডিসির ০১৩২০০৪০০৮০ এবং ওসি পল্টনের ০১৩২০০৪০১৩২ এই নম্বরে তথ্য জানানোর জন্য বলা হয়েছে।

হামলাকারীদের ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি

ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ঘটনায় জড়িত পলাতক আসামিরা যেন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যেই বেনাপোল আইসিপি, আমড়াখালী, সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাসিলা, আন্দুলিয়া ও পাঁচপীরতলা এলাকাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়।

আমাদের ঝালকাঠি প্রতিনিধি জানান, ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরি হয়েছে। ঘটনার পর পরিবারের সদস্যরা ঢাকায় এলে শুক্রবার রাতে শহরের খাসমহল এলাকায় তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com