বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

তফসিলের পরদিনই ঢাকায় সম্ভাব্য প্রার্থী হাদি গুলিবিদ্ধ

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গতকাল শুক্রবার প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। এ সময় তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়।

পরে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। 

হাদিকে গুলির ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে।

সূত্র বলছে, প্রাণনাশের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হাদির ওপর এই হামলা চালানো হয়।

এ ঘটনায় জড়িতরা ভাড়াটে সন্ত্রাসী হতে পারে। একই সঙ্গে রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধের জের ধরে স্বার্থান্ব্বেষী গোষ্ঠী এতে জড়িত থাকতে পারে। 

পুলিশ বলছে, মোটরসাইকেলে আসা দুজন তাঁকে অনুসরণ করে এসে খুব কাছ থেকে গুলি করে। এতে মাথার নিচের অংশে কানের পাশ দিয়ে একটি গুলি লেগে তিনি মারাত্মক আহত হন।

দ্রুত তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয় বলে ঢাকা মেডিক্যাল সূত্র জানায়। পরে পরিবারের সিদ্ধান্তে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সারা দেশে সর্বাত্মক অভিযান চালানো হবে বলে গণমাধ্যমকে পুুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম জানিয়েছেন। 

এভারকেয়ারে হাদি : গতকাল রাত ৮টার পর হাদিকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে সন্ধ্যায় ব্রিফ করেন ঢাকা মেডিক্যালের নিউরোসার্জারি বিভাগের প্রধান জাহিদ রায়হান। সাংবাদিকদের তিনি বলেন, ‘হাদির দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। সেই সঙ্গে ঘটনার পর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এই রোগীর বিষয়ে আমরা আশার কোনো কথাই বলব না। উনি সর্বোচ্চ খারাপ অবস্থায় আছেন, কিন্তু বেঁচে আছেন এখনো। বাকিটা আল্লাহর ইচ্ছা।’ 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন,‌ ঘটনার তদন্ত চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই করে ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা যা বলছে : হাদিকে গুলির ঘটনার পর প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেন, নির্বাচনী প্রচার চালানোর সময় বিজয়নগর বক্স কালভার্ট এলাকা দিয়ে রিকশায় চড়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে হাদিকে গুলি করে চলে যায়।

ঘটনার সময় ওসমান হাদির পেছনের রিকশায় ছিলেন তাঁর ঘনিষ্ঠজন মো. রাফি। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘জুমার নামাজ শেষে আমরা রিকশায় করে হাইকোর্টের দিকে আসছিলাম। বিজয়নগরে আসতেই একটি মোটরসাইকেলে দুজন এসে হাদি ভাইয়ের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় আমি ভাইয়ের পেছনের রিকশায় ছিলাম।’

সিসিটিভি ফুটেজে যা দেখা গেল : ওসমান হাদি দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনার দুটি ভিডিও ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজের তথ্য বলছে, তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়। পুলিশের একাধিক টিম ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

ঢাকা মেডিক্যালে চিকিৎসা : হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গুলিবিদ্ধ অবস্থায় আনার পর ওসমান হাদির অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। বিকেলে ঢাকা মেডিক্যালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। গুলিটি তাঁর মাথার ভেতরে রয়েছে।

দায়িত্বে থাকা এক চিকিৎসক বলেন, হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। শকে চলে যাওয়ায় দ্রুত সিপিআর দেওয়ার পর সাময়িকভাবে রক্তচাপ কিছুটা স্থিতিশীল হয়। এর পরও পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর বলে বর্ণনা করে চিকিৎসকরা বলেন, ওসমান হাদিকে আইসিইউতে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগগুলো তাঁর চিকিৎসায় সব ধরনের জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ডিএমপি কমিশনারের ভাষ্য : ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। গতকাল বিকেলে সাজ্জাত আলী সাংবাদিকদের এ কথা জানান।

ঘটনার আগে নিরাপত্তাহীনতায় ছিলেন হাদি : এর আগে হাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছিলেন, গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন তিনি। ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, তাঁকে হত্যা, তাঁর বাড়িতে আগুনসহ তাঁর মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।

সম্প্রতি মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, রমনা ও শাহবাগ থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন হাদি। সে জন্য প্রতি শুক্রবার তিনি জনসংযোগ করতেন। হাদির একজন সহযোদ্ধা বলেন, জুমার নামাজের পর মসজিদে তাঁদের লিফলেট বিলি কর্মসূচি ছিল। কথা ছিল, লিফলেট বিলি শেষে সবাই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার খাবেন, আলোচনা করবেন। এর মধ্যেই হাদির ওপর হামলার খবর আসে। এনসিপির যুগ্ম সদস্যসচিব ও ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, ‘ওসমান হাদির অর্গান কাজ করছে। একটা অপারেশন হয়েছে। আশা করি আর অপারেশন করা লাগবে না।’

গণঅধিকার পরিষদের বিক্ষোভ : হাদির ওপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে রাত ৮টার দিকে গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ এক প্রতিবাদ মিছিল বের করে। গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান বলেন, হাদির ওপর গুলির ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয় দেশে অবাধ, সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই।

হাদিকে গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এ জন্য সরকারকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে সংগঠনটি। এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে প্রতিরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। গত রাত ১১টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এ আলটিমেটাম ও কর্মসূচির বিষয়ে জানান।

হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার বোন মাহফুজা। তিনি গতকাল বলেন, ‘ভারতের র আমার ভাইকে বাঁচতে দেবে না। আমার ভাইয়ের ওপরে যারা গুলি করেছে, আমরা তাদের বিচার চাই। বিকালে সাংবাদিকদের কাছে মাহফুজা এ কথা বলেন।

শনিবার শাহবাগে বিক্ষোভ : গুলিবিদ্ধ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি ঘোষণা করেছে, দাবি আদায়ে শনিবার দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ হবে।

হাদিকে দেখতে ঢামেক হাসপাতালে এসে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যের আহবান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি অভিযোগ করেন, হাদিকে লক্ষ্য করে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে বড় ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে।

প্রধান উপদেষ্টা, তারেক রহমান, ডা. শফিকুর রহমানসহ বিভিন্নজনের প্রতিক্রিয়া : দুর্বৃত্তের গুলিতে ওসমান হাদি গুরুতর আহত হওয়ার ঘটনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, ‘ওসমান হাদির ওপর দুষ্কৃতকারীদের যে হামলা হয়েছে, তা রুখে দিতে অবশ্যই গণতন্ত্র লাগবে।’

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ওসমান হাদির জন্য দোয়া চেয়ে তিনি লিখেছেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

হাদিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাদির শারীরিক অবস্থা দেখতে গতকাল বিকেলে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাও হাসপাতালে যান।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘হাদির মতো আমাদের জীবনেরও শঙ্কা রয়েছে। আমাদেরও মেরে ফেলা হতে পারে।’

ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিন নাসির এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘তফসিল ঘোষণার ঠিক পরের দিনই স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র।’

হাদিকে গুলি করার ঘটনা ‘নির্বাচনের জন্য অশনিসংকেত’ আখ্যা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। হাদিকে গুলি করার ঘটনায় গতকাল দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ করা হয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম, ঝালকাঠি, দিনাজপুর ও রাজবাড়ী।

[প্রতিবেদন তৈরিতে সংশ্লিষ্ট জেলার প্রতিবেদক ও প্রতিনিধিরা তথ্য দিয়ে সহযোগিতা করেছেন]

তফসিলের পরদিনই ঢাকায় সম্ভাব্য প্রার্থী হাদি গুলিবিদ্ধ

মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে গুলি করে।     ছবি : সিসিটিভি থেকে নেয়া

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com