দূরের দিগন্তরেখা অব্দি জলে টলোমল
মৃদু বাতাসের দোলা, আকাশের নীল ছায়া জলে।
দলছুট হাঁস তুমি কোথায় চলেছ একা একা!
বিশাল বিলের মধ্যে অবশিষ্ট কিছু আর নেই
নীল নির্জনতা ছুঁয়ে ভাসমান শুধু রাজহাঁস।
এই দৃশ্য দেখে কোনো চারুশিল্পী জানি
এঁকে ফেলবেন আশ্চর্য প্রতীকী ছবি।
কোনো দার্শনিক যদি এ দৃশ্য দেখেন
হঠাৎ চমকে উঠে জগৎ ও জীবনের
শাশ্বত সত্যের কথা বলবেন নিশ্চিত :
আসলে মানুষ হলো পৃথিবী নামের বিলে
ওই রাজহাঁস।








