বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সমাজে ভালো মানুষ অনেক; কিন্তু কিছু খারাপ রাজনীতিবিদের কারণে এই দেশের সম্ভাবনা আটকে আছে। তিনি বলেন, সুযোগ পেলে দুর্নীতির পাতাগুলো নয়, এর মূলটাই তুলে ফেলব। গতকাল রবিবার সকালে মহাখালীর বিএমআরসি ভবনে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশের মানুষ খারাপ এটি আমি মনে করি না উল্লেখ করে তিনি বলেন, ‘গত বছরের ৫ আগস্টের পরে কিছু দিন যখন দেশে কোনো সরকার, পুলিশ বা আর্মি ছিল না; সেই সময় কোনো ব্যাংক বা সোনার দোকান লুট হয়নি।
এটি প্রমাণ করে যে আমাদের দেশের মানুষ অনেক ভালো। সমস্যা হলো আমাদের মতো কিছু রাজনীতিবিদ অনেক খারাপ। এই খারাপদের কারণেই ভালো মানুষের জন্য একটি ভালো দেশ তৈরি করা সম্ভব হয়নি।’
কমিউনিটি হেলথ প্রোভাইডারদের অপ্রতুল বেতনের কঠোর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, তাঁরা যে টাকা বেতন পান, এই টাকা দিয়ে শহরে সাদামাটা একটা বাসাও ভাড়া করা যায় না।
যাঁরা মন উজাড় করে সার্ভিস দেন, তাঁদের ন্যূনতম প্রয়োজন দেখা সরকারের দায়িত্ব। তিনি উদাহরণ হিসেবে বলেন, পুলিশের বেতন যদি ২৫ হাজার টাকা হয়, তাহলে তাঁরা জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত হবেন না। তবে সমাজের প্রতি আস্থা তৈরি হলে তাঁরা জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত হবেন।
স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে ১০০ ক্লিনিকে সৌরবিদ্যুৎ প্যানেল দেওয়া হবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘বেসিক লেভেল শক্তিশালী হলে ওপরের স্তরের ৯০ শতাংশ চাপ কমে যায়।
সরকারে যাই বা না যাই আগামী এক বছরের মধ্যে ১০০টি ক্লিনিকে অগ্রাধিকার ভিত্তিতে সোলার প্যানেল দেওয়া হবে। এটি আমাদের পক্ষ থেকে সামাজিক কল্যাণের প্রতীকী উপহার।’
রাজশাহীতে গোলাম পরওয়ার : রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, ‘একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে এবং নির্বাচন সুষ্ঠু হওয়া কঠিন হয়ে পড়বে। কাজেই সংসদ নির্বাচনের আগে গণভোট দিতে হবে।’ গতকাল রবিবার রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আটদলীয় বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, ‘এতে দুর্নীতি, সন্ত্রাস ও ভিন্নমত দমনের রাজনীতির পরিবর্তনের পথ সুগম হবে।’
‘সরকারের গেজেট কোনো ওহির বাণী নয়’ প্রয়োজনে তা সংশোধন করে প্রথমে গণভোট, পরে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে দাবি করে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ভেতরে থাকা কিছু ব্যক্তির পরামর্শে একই দিনে নির্বাচন ও গণভোটের গেজেট প্রকাশ করা হয়েছে। কিন্তু তাঁরা জুলাই আন্দোলনের শিক্ষা নেননি।’
জাতীয় নির্বাচনের আগে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের শরিক ১৪ দলকে নিষিদ্ধ করাসহ পাঁচ দফা দাবিতে এ সমাবেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলটির নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মো. নুরুন্নবী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুফতি সুলতান মহিউদ্দিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী, নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাকসুর ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।