আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের খেলা। এ আসরে দেশের ৭১ টি দলের প্রায় আড়ই শতাধিক বক্সার অংশ নিবেন। খেলবেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। যিনি গত ১৩ জুলাই পর্তুগালে ব্রাগা ওপেন বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫০ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণপদক জিতেছেন। জাতীয় বক্সিংয়ে খেলতে আজ ঢাকায় আসছেন জিনাত। আসরের ৫২ কেজিতে খেলবেন তিনি। এ বিষয়ে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান বলেন, ‘জিনাত গুডউইল ক্লাবের পক্ষ থেকে জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন। বাংলাদেশের জাতীয় টুর্নামেন্টে এটিই তার প্রথম অংশগ্রহণ। সাম্প্রতিক সময়ে তার আন্তর্জাতিক সাফল্যের জন্য আগামী বুধবার প্রতিযোগিতার শেষ দিনে জিনাতকে সম্মাননা জানানো হবে।’ বক্সিং ফেডারেশনের নতুন কমিটির অধীনে এটিই প্রথম জাতীয় বক্সিং। বক্সিং ফেডারেশনের আনুষ্ঠানিক নাম ছিল বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন। তবে এখন সেই ‘অ্যামেচার’ শব্দটি উঠে গেছে। এ নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক কুদ্দুস খান বলেন, ‘আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের নির্দেশনায় এটি উঠানো হয়েছে এবং জাতীয় ক্রীড়া পরিষদও এই বিষয়ে অবহিত।’ টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে জজ ভূঁঞা গ্রুপ।