জামালপুরের ইসলামপুরে সাঁতরে নদী পার হতে গিয়ে প্রাণ গেছে দুই বোনের। এছাড়া নাটোরের বড়াইগ্রাম ও ময়মনসিংহের ভালুুকায় পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে।কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো খবর-
জামালপুর : জামালপুরের ইসলামপুরে দুর্গম চরের সীমান্তবর্তী শিপি গাড়ামারা এলাকায় যমুনার শাখা নদী সাঁতরে পার হতে গিয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সাপধরী ইউনিয়নের সীমান্তবর্তী গাইবান্ধার সাঘাটা উপজেলার যমুনার শাখা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলো শিপি গাড়ামারা এলাকার নজরুল ইসলামের মেয়ে শাকিলা (৭) ও উরুজল ইসলামের মেয়ে আলো আক্তার (৬)। তারা সম্পর্কে চাচাতো বোন।
বড়াইগ্রাম (নাটোর ) : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া গ্রামে ডোবার পানিতে পড়ে নাঈম হাওলাদার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ওই গ্রামের এনামুল হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে নাঈমকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।এক পর্যায়ে নাঈমের চাচা বাড়ির পাশের ডোবার কিনারে শিশুটির পায়ের ছাপ দেখতে পান। পরে তিনি পানিতে নেমে খোঁজাখুঁজি করে নাঈমের মরদেহ উদ্ধার করেন।
ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় পানিতে ডুবে মারা গেছেন মো. তৌফিজ উদ্দিন (৫০) নামের একজন শৌখিন মাছ শিকারি। তিনি উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর গ্রামের নূর বক্সের ছেলে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের মনাপাথারের মরা নদীর পানিতে ডুবে তিনি মারা যান।জানা যায়, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর গ্রামের নূর বক্সের ছেলে মো. তৌফিজ উদ্দিন একজন শৌখিন মাছ শিকারি। কাজের ফাঁকে তিনি প্রায়ই মোটরসাইকেলে করে বিভিন্ন এলাকায় মাছ শিকার করতে যেতেন। গতকাল মঙ্গলবার সকালে তিনি ধর্মজাল দিয়ে মাছ ধরার জন্য অন্যদের সঙ্গে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের মনাপাথারে যান এবং মাছ ধরার এক পর্যায়ে সাঁতরে ওই স্থানের মরা নদী পার হওয়ার সময় পানিতে ডুবে যান। পরে বিষয়টি টের পেয়ে অন্যরা তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন।