অনর্থ উৎসবে আজ মেতেছে সময়
পরিবেশ প্রকৃতি বিবেচনারহিত বাস্তব, স্বার্থান্ধ কালজ্ঞানহীন।
আদিবৃক্ষ নিধনেই ব্যস্ত মানুষ
দিকচক্রবাল জুড়ে অস্বচ্ছ কার্বন-আবৃত ঘনছায়া ঘিরে থাকে
যেন প্রায়ান্ধ সমাজ-পরিবেশ!
মানুষের শুভবোধ মন থেকে ধীরে ধীরে পেয়ে গেছে লোপ
দরিদ্র ও স্বার্থপর সমাজ এখন বিবেচনাবোধি বর্জিত
দূষিত-ক্লীব-জড়-মানবতাহীন।
দেখি— আমার প্রজন্মছায়া রোদ্দুরে কানামাছি খেলে
অপক্রিয়াশীল মোহে মত্ত বেসুরো প্রতিক্ষণ;
পথেঘাটে সামঞ্জস্যহীন ভেঁপু বাজে—
যেন এক মাতাল উৎসব, যেন প্রতি-তাল আজ দিকে দিকে।
সভ্যতার মুখে আমরাই সোল্লাসে কালিমা লেপন করে আছি
গৃহস্থ আঙিনা যেন ধোঁয়ার উৎসব
পোড়ে বর্জ্য টনে টন ছড়ায় কার্বন প্রত্যহ
ধোঁয়ার প্রলেপে ঢাকা দূরের আকাশ দীর্ণ দীর্ঘশ্বাস ফেলে।
জেনো তবে— প্রকৃতি ধ্বংসের দায় মাটিও নেবে না কোনোদিন।