বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

তরমুজে ত্বক তাজা

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

গরমে প্রাণ জুড়াতে তরমুজের জুড়ি মেলা ভার। শুধু তৃষ্ণা নিবারণেই নয়, ত্বকের যত্নেও তরমুজ বেশ উপকারী। পুষ্টিবিদ তামান্না চৌধুরী বলেন, ‘তরমুজে ৯০ শতাংশের বেশি থাকে পানি। গরমে ঘামে শরীরে পানিশূন্যতা তৈরি হয়।

এর প্রভাব পড়ে ত্বকে। তরমুজ খেলে শরীর ও ত্বকের পানিশূন্যতা পূরণ হয়। তরমুজের অ্যামিনো এসিড পাওয়া যায়, যা ত্বকের কোলাজেন বৃদ্ধিতে সহায়তা করে। এর পাশাপাশি তরমুজে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন এ, বি ও সি।এই উপাদানগুলো ত্বকের শুষ্কতা দূর করে। বলিরেখা দূর করে। ত্বকে বয়সের ছাপ পড়ার গতি কমিয়ে দেয়।

বৈশাখের তপ্ত রোদে বের হলে শরীর ঘামে।

ঘামের কারণে লোপকূমের গোড়া দিয়ে শরীর থেকে লবণ নির্গত হয়। এর ফলে ত্বকে জ্বালাপোড়া শুরু হয়। এই সমস্যায় তরমুজ ব্যবহার করা যেতে পারে বলে জানালেন শোভন মেকওভারের রূপ বিশেষজ্ঞ শোভন সাহা। তরমুজ ছোট ছোট করে কেটে ফ্রিজে রেখে দিন। বাইরে থেকে ফিরে ফ্রিজে রাখা তরমুজ ত্বকের ওপর আলতো করে চেপে ধরুন।ত্বকের জ্বালাপোড়া ভাব কমবে।

তরমুজের রসালো অংশের মতো এর খোসাও সমান উপকারী। প্যাক বানিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন। ত্বকে লাবণ্য আনবে

ব্ল্যাকহেডস, র‍্যাশ ও ব্রণ কমাতে

অতিরিক্ত গরমের কারণে অনেকের ত্বকে ব্ল্যাকহেডস, র‍্যাশ কিংবা ব্রণের সমস্যা দেখা দেয়। এসব সমস্যার সমাধানে তরমুজের বীজ, তরমুজের রসের আইস কিউব উপকারী। তরমুজের বীজ পরিষ্কার করে সিদ্ধ করে নিন। নরম হয়ে গেলে পেস্ট করে ব্রণের ওপর মালিশ করুন। তিন থেকে পাঁচ মিনিট পর শুকিয়ে গেলে তার ওপর ডিমের সাদা অংশ ব্রাশ দিয়ে আলতো করে লাগিয়ে নিন। ১০ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের ব্ল্যাকহেডস, র্যাশ ও ব্রণ কমবে।

প্রাকৃতিক ময়েশ্চারাইজার এবং স্ক্রাব

ত্বকের পোড়াভাব কাটিয়ে উজ্জ্বল ও ময়েশ্চারাইজ রাখতে তরমুজ ব্যবহার করা যায়। তরমুজে ভিটামিন সি থাকায় এটি স্ক্রাব হিসেবে দারুণ। এক টুকরা তরমুজ কেটে নিন। এরপর ত্বকে আলতোভাবে ঘষে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বক ময়েশ্চারাইজড হবে।

এক কাপ তরমুজের রসের সঙ্গে আধা কাপ চালের গুঁড়া মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। এই স্ক্রাব পুরো মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার হবে।

তরমুজের বীজ শুকিয়ে গুঁড়া করেও স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন। এর সঙ্গে যেকোনো একটি ক্লিনজার মিশিয়ে নিলেই হলো। এটি আপনার ত্বকের কালো দাগ দূর করবে।

তরমুজ যখন ক্লিনজার

তরমুজ ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে ক্লিনজার হিসেবেও ব্যবহার করতে পারেন। সপ্তাহে অন্তত তিন দিন মিশ্রণটি ত্বকে ব্যবহার করুন। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক যদি শুষ্ক হয়, তাহলে দুই কাপ তরমুজ, একটি পাকা কলা ও এক কাপ দুধ মিশিয়ে ক্লিনজার বানিয়ে নিন। এই প্যাকটি সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন।

তরমুজ যখন মাস্ক

এই গরমে ত্বকের যত্নে তরমুজের মাস্ক আলাদা আরাম দেবে। ত্বক উজ্জ্বল ও কোমল করতেও জুড়ি নেই তরমুজের মাস্কের। দুই কাপ তরমুজ, এক কাপ বেসন, সামান্য হলুদ, আধা কাপ টক দই ও দুই চা চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। এই মাস্ক ত্বকে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। ত্বকে বলিরেখা পড়বে না। টোনার হিসেবেও উপকারী এই মাস্ক। ফ্রিজে রেখে দুই সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই মাস্ক।

তরমুজের রসের সঙ্গে সয়াবিন গুঁড়া, আধা চামচ মধু ও ডিমের সাদা অংশ মিশিয়ে পেস্ট করে নিন। এটিও খুব ভালো মাস্ক হিসেবে কাজ করে। সব ধরনের ত্বকের জন্যই উপকারী এই মাস্ক।

ফেলনা নয় তরমুজের খোসাও

রোদ থেকে ফিরে ত্বকের ওপর তরমুজের খোসা ব্যবহারে আরাম পাবেন। এটি এক্সফোলিয়েটর হিসেবেও ব্যবহার করা যায়। ত্বকের মৃতকোষ দূর করে দীপ্তি এনে দেবে। রোদে পোড়া ভাব দূর করবে। রোজ ব্যবহারে ত্বক মসৃণ হবে। এর খোসায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বক ভেতর থেকে টান টান রাখে। তরমুজের খোসা দিয়ে নিজেই টোনার বানাতে পারেন। এ জন্য তরমুজের খোসার সবুজ অংশ পাতলা করে কেটে নিন। এরপর সামান্য পানিতে সিদ্ধ করে নিন। পানি ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে নিন। একটি কাচের পাত্রে তুলে রাখুন। টোনার হিসেবে নিয়মিত ব্যবহার করতে পারবেন।

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com