সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ৭ জন নিহত হয়েছে। খবর প্রতিবেদকদের পাঠানো।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিবাগ-সার্কিট হাউস মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশের বিরুদ্ধে ধাওয়ার অভিযোগ তুলে বিক্ষুব্ধ জনতা কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় উত্তেজিত জনতা কালেক্টরেট চত্বরে অবস্থিত পুলিশ ফাঁড়িতে ঢুকে ভাঙচুর চালিয়ে একটি মোটরসাইকেলে আগুন দেয়। একই সঙ্গে শহরের বিশ্বরোডের ট্রাফিক পুলিশ বক্সে ইটপাটকেল নিক্ষেপ করে ভবনটির সামনে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করার পাশাপাশি বেশকিছু যানবাহন ভাঙচুর করে তারা। নিহত যুবকরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আজইপুর এলাকার পালাডাঙ্গা-পচাপুকুর মহল্লার শাহ আলম আলীর ছেলে রিফাত (১৮) এবং জোড়বাগান এলাকার আশরাফুল ইসলামের ছেলে সোহাগ (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে সার্কিট হাউস মোড়ে পুলিশের একটি দল যানবাহন তল্লাশি করছিল। বিকাল সাড়ে ৪টার দিকে রিফাত ও সোহাগ মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের থামানোর সংকেত দেয়। অভিযোগ উঠেছে, পুলিশ সদস্যরা চলন্ত মোটরসাইকেলটি পেছন থেকে টেনে ধরার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রিফাত এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহাগের মৃত্যু হয়।
ঈশ্বরদী : পাবনার ঈশ্বরদীতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিব হোসেন (২২) ও মোছা. শিরিনা বেগম (৪৫) নামে দুজন নিহত হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে ঈশ্বরদী উপজেলার স্কুলপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব হোসেন উপজেলার আরামবাড়িয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে এবং মোছা. শিরিনা বেগম উপজেলার পিয়ারপুর এলাকার মো. রফিকুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, দুপুরে উপজেলার আরাবাড়িয়া গ্রামে নিজ বাবার বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন শিরিনা বেগম। মোটরসাইকেলযোগে তাকে বাড়ি রাখতে আসছিলেন তারই বোনের ছেলে মো. সাকিব হোসেন। এ সময় ঈশ্বরদীর দিকে স্কুলপাড়া মোড় পর্যন্ত এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি সিএনজির সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে মোটরসাইকেলে থাকা দুজনই ছিটকে সড়কের ওপর পড়ে যান। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম : কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শাহিন মিয়া (২০) ও মমতাজ বেগম (৭৫) নামের দুজন নিহত হয়েছেন। নিহত শাহিন রংপুর জেলার গঙ্গাছড়া থানার তালপট্টি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আর নিহত মমতাজ বেগম চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের ডলবা গ্রামের ধন মিয়ার স্ত্রী। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাটিতলা রাস্তার মাথা ও বাতিসা ইউনিয়নের ডলবা এলাকায় পৃথক ঘটনা ঘটে। বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
শেরপুর : বগুড়ার শেরপুরে পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ওরিন কোচের ধাক্কায় রাফিউল হাসান (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। অন্যদিকে ভোরে মহাসড়ক থেকে আব্দুর রশিদ (৩৫) নামের আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাফিউল ইসলাম উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের রেজাউর করিমের ছেলে।
নিহত আব্দুর রশিদ (৩৫) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর সিংড়া এলাকার বাসিন্দা। তিনিও সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জানান হাইওয়ে পুলিশ।