বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা কমিটি করেছে দলটি। গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছেন, অভ্যর্থনা কমিটিতে বিএনপির ১০ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের আহ্বায়ক ও সদস্যসচিব সদস্য হিসেবে রয়েছেন। জানা গেছে, মঙ্গলবার বিকালে অভ্যর্থনা কমিটির প্রথম বৈঠক হয়। এতে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনার কর্মপরিকল্পনা নিয়ে সদস্যরা আলোচনা করেন।
এর আগে সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভা হয়। ওই সভায় তারেক রহমানকে কীভাবে অভ্যর্থনা দেওয়া হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৭ বছরের বেশি যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত থাকার পর ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তন উপলক্ষে ওই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতা-কর্মীরা সংবর্ধনা জানাতে উপস্থিত হবেন। বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত তাঁরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে সংবর্ধনা জানাবেন। দলীয় সূত্র জানান, বিমানবন্দর থেকে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে তাঁর মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। বিএনপির একাধিক সূত্র জানান, ঢাকায় আসার পর তারেক রহমান গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন।
এ বাসার পাশেই ‘ফিরোজা’ ভবন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কয়েক বছর ধরে এ বাসাতেই অবস্থান করছেন।








