বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আন্দোলন কঠোরভাবে দমন করা হবে

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি বা রাস্তা বন্ধ করে অন্যায় ও বেআইনি আন্দোলনে নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—এমন কঠোর সতর্কবার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আমরা এখন নির্বাচনী মুডে আছি। তফসিল ঘোষণার পর কেউ আন্দোলন বা দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামলে তা কঠোরভাবে দমন করা হবে। আমরা একটি ভালো নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি।

’ 

গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব এসব কথা বলেন।

সচিবালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়।

এ বিষয়ে শফিকুল আলম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট নির্দেশনা এসেছে, তফসিল ঘোষণার পর যেকোনো বেআইনি আন্দোলন শক্ত হাতে দমন করা হবে। তিনি বলেন, ‘পুরো জাতি একটি ভালো নির্বাচন আশা করছে এবং আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। কিন্তু কিছু গ্রুপ অপ্রয়োজনীয় বিষয় নিয়েও আন্দোলনের চেষ্টা করছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর অবস্থান নিয়েছে।
’ তিনি বলেন, ‘যাঁরা আন্দোলন করবেন, তাঁদের আইনের আওতায় আনা হবে।’ 

আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি খুবই ভালো। পুলিশ সদর দপ্তর গত ছয় মাস বা ছয় বছরের তথ্য দিলে তা আরো পরিষ্কার হবে। তাদের তথ্য অনুযায়ী, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত।

আগামী নির্বাচন ঘিরে নেওয়া প্রস্তুতির বিষয়ে তিনি জানান, দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আনসার সদস্যদের প্রশিক্ষণও শেষ পর্যায়ে।

বডি ক্যামেরা ও সিসিটিভি ব্যবহারের প্রশিক্ষণ চলছে। মাঠ পর্যায়ে ওসি, এসপি, ডিসি, ইউএনওদের পদায়ন সম্পন্ন হয়েছে। 

আন্দোলন সম্পর্কিত গোয়েন্দা তথ্য আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, গত ১৬ মাসে দেশে প্রায় দুই হাজার আন্দোলন হয়েছে। সরকার সেগুলো শান্তিপূর্ণভাবে মোকাবেলা করেছে। একবারও গুলি বা রাবার বুলেট ছোড়া হয়নি। খুব কম ক্ষেত্রে টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে, আর বেশির ভাগ ক্ষেত্রে শুধু গরম পানি বা হালকা লাঠিচার্জ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যথেষ্ট ধৈর্য দেখিয়েছে।

গতকাল উপদেষ্টা পরিষদের সভায় বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, আইনগত সহায়তা প্রদান দ্বিতীয় সংশোধনী অধ্যাদেশসহ তিনটি আইন অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া মাইলস্টোন ট্র্যাজেডিতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩৬ জনকে ২০ লাখ টাকা করে এবং আহতদের পাঁচ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় বিভিন্ন দেশের ভিসা জালিয়াতি রোধে পৃথক আইন প্রণয়নের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের ফলে দেশে ভিসা জালিয়াতির প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। তিনি জানান, জালিয়াতির পরিস্থিতি এখন প্রায় ‘সমুদ্রের মতো বিস্তৃত’। এত ব্যাপকভাবে জালিয়াতি হচ্ছে যে এর প্রভাব বাংলাদেশের আন্তর্জাতিক সুনামের ওপর পড়ছে। বাংলাদেশের একটি বড় জালিয়াতচক্র বহু মানুষকে প্রতারণা করছে এবং ভিসা জালিয়াতিতেও জড়িত। এর কারণে বিদেশে অনেক বাংলাদেশি নাগরিক হয়রানির শিকার হচ্ছেন এবং ভিসা প্রক্রিয়ায় নানা জটিলতার মুখে পড়ছেন। এই পরিস্থিতি মোকাবেলায় প্রধান উপদেষ্টা সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, যাতে দ্রুত একটি আলাদা আইন করা হয়।

প্রেস সচিব জানান, জরুরি ভিত্তিতে এমন একটি আইন প্রণয়ন করা হবে, যেখানে অনলাইনে বা এআই সফটওয়্যার ব্যবহার করে জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান থাকবে।

শফিকুল আলম বলেন, মেট্রো রেলের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে সরকারের প্রায় ৪০ কোটি টাকার মতো রাজস্ব ক্ষতি হবে। তবে ঢাকার মানুষের যাতায়াতে মেট্রো রেল যুগান্তকারী ভূমিকা রাখছে, এ কারণেই ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, রোজা শুরু হতে পারে ফেব্রুয়ারি মাসের ১৮-১৯ তারিখে কিংবা আরো আগে। খেজুরের ওপর যে করভার (ট্যাক্স ইনসিডেন্স) ছিল, তা প্রায় ৫২.২ শতাংশ কমিয়ে এখন প্রায় ৪০.৭০ শতাংশ করা হয়েছে। খেজুরের ওপর আগে ২৫ শতাংশ কাস্টমস ডিউটি ছিল, সেটিও কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

নির্বাচনকালীন উপদেষ্টা পরিষদের আকার একই থাকবে বলে জানান প্রেস সচিব।

এদিকে সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সম্মানে গতকাল মধ্যাহ্নভোজের আয়োজন করেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই মধ্যাহ্নভোজ হয়। পরে তাঁরা দুজন প্রধান উপদেষ্টা ও পরিষদের সদস্যদের সঙ্গে গ্রুপ ছবি তোলেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com