সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। গত সোমবার রাতে এবং গতকাল মঙ্গলবার বিভিন্ন সময়ে দুর্ঘটনাগুলো ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর :

চাঁপাইনবাবগঞ্জ ও গোমস্তাপুর : গোমস্তাপুর, ভোলাহাট ও শিবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের মৃত শাহজাহানের ছেলে মো. আশিক (২৬), বাজারপাড়া বড়গাছি গ্রামের মৃত আপেল মাহমুদের ছেলে মো. আবদুল্লাহ (৩০) ও দলদলি ইউনিয়নের ইসলামপুর গ্রামের আসাদুল হকের ছেলে জাহিদ হাসান (৮) এবং শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত রেফাত উল্লার ছেলে বাসেদ আলী (৯৩)।

গতকাল মঙ্গলবার সকালে ও দুপুরে ঘটনাগুলো ঘটে। গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, দুপুর ২টার দিকে রহনপুর পৌর তেঁতুল মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আশিক ও আবদুল্লাহ নিহত হন। ভোলাহাট থানার ওসি একরামুল হক জানান, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে পোলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র জাহিদ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। একটি ট্রলির ধাক্কায় সে নিহত হয়।
অপরদিকে শিবগঞ্জ থানার ওসি হুমায়ন কবীর জানান, সকাল ১১টার দিকে ছত্রাজিত্পুর বাজারে মহাসড়ক পার হওয়ার সময় নসিমনের ধাক্কায় নিহত হন বাসেদ। 

পঞ্চগড় : পঞ্চগড়ে ট্রাকচাপায় রিনা আক্তার (৪৫) নামের স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ সময় তাঁর স্বামী সাইফুল ইসলাম আহত হন। গতকাল সকালে পঞ্চগড় জেলা সদরের বিজিবি ক্যান্টিনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

রিনা দেবীগঞ্জ উপজেলা সদরের পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্বামী সাইফুল ইসলাম শেখবাধা রেয়াজিয়া দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট। 

মুন্সীগঞ্জ : শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত এবং তিনজন আহত হয়েছেন। গতকাল সকালে ওমপাড়া বটতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়দা বেগম (৫০) শ্রীনগর উপজেলার শিবরামপুর বাড়ৈখালীর এখলাছ উদ্দিনের স্ত্রী।

আহতরা হলেন আশুদা বেগম (৫৪), আব্দুর মহিম (৩০) ও মহসিন (৪৫)। 

ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল উপজেলায় গত সোমবার রাতে তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আজহার মিয়া (৩৬) নামের একজন নিহত হয়েছেন। রাত ১১টার দিকে রাজাবাড়িয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আজহারের বাড়ি কিশোরগঞ্জে। তিনি ওই লরির হেলপার ছিলেন।

ফটিকছড়ি (চট্টগ্রাম) : অটোরিকশার ধাক্কায় আব্দুল্লাহ-আল আনাছ (৩) নামের শিশু নিহত হয়েছে। গতকাল নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ডাইনজুড়ি এলাকার বুড়াবিবি সড়কে এ দুর্ঘটনা ঘটে। আনাছ হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। কয়েক দিন আগে সে নানাবাড়ি বেড়াতে এসেছিল।

 

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com