বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। অর্থাৎ ডিসেম্বরের ৭ থেকে ১১ তারিখের মধ্যে এই তফসিল ঘোষণা করা হতে পারে। গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচন কমিশন আয়োজিত মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘তফসিল হোপফুলি, আমরা যেটা আশা করছি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে।

আমাদের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইনশাআল্লাহ কমিশন সুষ্ঠু নির্বাচন ও গণভোট জাতিকে উপহার দিতে পারবে। তফসিলের পর প্রয়োজন হলে প্রশাসনে রদবদলের উদ্যোগও নেওয়া হবে।’ 

মক ভোটিং সম্পর্কে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটও একই দিনে আয়োজন করতে হবে।

এ জন্য সময় ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাধারণ ভোট এবং অতিরিক্ত গণভোট মিলিয়ে ভোটারপ্রতি সময় কত লাগবে, মক ভোটিংয়ের মাধ্যমে সেটাই যাচাই করা হচ্ছে।’ 

সিইসি বলেন, ‘৪২ হাজার ৫০০টির বেশি পোলিং সেন্টার (ভোটকেন্দ্র) যথেষ্ট কি না বা অতিরিক্ত বুথ (ভোটকক্ষ) ও সেন্টার প্রয়োজন হবে কি না তা আজকের (শনিবার) রিয়াল-টাইম মূল্যায়নের ভিত্তিতেই ঠিক করা হবে। অতিরিক্ত লোকবল, সরঞ্জাম ও ব্যবস্থাপনা—এসবই বাস্তব পর্যবেক্ষণ থেকে নির্ধারণ করা হবে।

’ 

তিনি বলেন, ‘শুধু ভোটের অনুশীলন নয়, পোলিং সেন্টারের সামগ্রিক পরিবেশ, ভোটারদের কিউ, পোলিং ও প্রিজাইডিং অফিসারদের অবস্থান, সাংবাদিকদের ভূমিকা—সবকিছু বাস্তবে কেমন হবে তা যাচাই করাই এ অনুশীলনের মূল লক্ষ্য।’

সিইসি বলেন, ‘মক ভোটিং অনুশীলনের মাধ্যমে ভোটাররা এসে লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে পোলিং সেন্টারে প্রবেশ করেছেন। তারপর ভোটার স্লিপ নিয়ে দেখাচ্ছেন, পোলিং অফিসার ডাক দিচ্ছেন, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার ব্যালট পেপার দিচ্ছেন, ভোটার মার্কিং সিল নিয়ে গোপন কক্ষে ভোট দিয়ে বাক্সে ফেলছেন—এই এক্সারসাইজটা অনেকেই জানে না। বিশেষ করে আমাদের যাঁরা নতুন ভোটার, প্রথমবারের মতো ভোট দেবেন তাঁরা জীবনে এই ভোট দেখেন নাই। এটার মাধ্যমে একদিকে একটা অভিজ্ঞতা সঞ্চার হচ্ছে, আর অন্যদিকে আমাদের একটা রিয়াল টাইম অ্যাসেসমেন্ট অব দা সিচুয়েশন তৈরি হচ্ছে।

গত ১৫ বছরে বহু নতুন ভোটার রয়েছে, যারা কখনো প্রকৃত ভোটগ্রহণের অভিজ্ঞতা পায়নি। তাই এই অনুশীলন তাদের জন্য বাস্তব ধারণা তৈরি করবে।’ 

ভোটাররা দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন বলে অভিযোগ করেছে। মক ভোটিংয়ে দেড় ঘণ্টা লাইনে দাঁড়ানো থাকলে বাস্তবে কতক্ষণ থাকতে হবে জানতে চাইলে সিইসি বলেন, ‘এটিও মূল্যায়নের অংশ। কোথায় ঘাটতি আছে, কোথায় পরিকল্পনায় ভুল ছিল সেগুলো চিহ্নিত করে সংশোধন করা হবে। মানুষের কষ্ট বাড়ানো নয়, বরং সময় কমিয়ে সুবিধা নিশ্চিত করাই কমিশনের লক্ষ্য। খরচ কমানোই প্রধান উদ্দেশ্য নয়, প্রয়োজনে বুথ বাড়িয়ে সময় কমানো হবে।’

ভোটাররা অনেকেই বলছেন তাঁরা গণভোট সম্পর্কে জানেন না। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো গণভোট নিয়ে প্রচার শুরু হয়নি। ইলেকশন কমিশন ও সরকার যৌথভাবে শিগগিরই ব্যাপক প্রচার চালাবে। গণভোট আইনি অনুমোদন পাওয়ার পরই কমিশন এ বিষয়ে কাজ শুরু করেছে। একই সঙ্গে গণমাধ্যমকেও দায়িত্বশীলভাবে তথ্য প্রচারে ভূমিকা রাখার আহবান জানচ্ছি।’

আইন-শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘সামগ্রিক অবস্থা আগের তুলনায় অনেক উন্নত। বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে কমিশন ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে এবং তারা প্রস্তুত রয়েছে। বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, তবে সামগ্রিক ভোটের পরিবেশ নিরাপদ রাখার বিষয়ে কমিশন আশাবাদী।’

ভোটকেন্দ্র কমানোর কথা বলছে ইসি। এই কেন্দ্র কমানোর মধ্য দিয়ে খরচ বাঁচানো হচ্ছে কি না, জানতে চাইলে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘খরচ নয়, সময় ব্যবস্থাপনাই বড় বিষয়। প্রয়োজনে বুথ বাড়ানো হবে, ভোটারকে কষ্ট দেওয়া নয়, বরং সুষ্ঠু ও স্বাচ্ছন্দ্যময় ভোটই আমাদের লক্ষ্য।’

এ সময় নির্বাচন কমিশনাররা, ইসি সচিব, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com