বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা, ঢাকায় আমন্ত্রণ

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাইরিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান গতকাল বুধবার নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ‘গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়ে’ আলোচনা হয়েছে।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন জানায়, ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নেতৃত্বে কলম্বো নিরাপত্তা কনক্লেভের (সিএসসি) সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদল বুধবার দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছে। এ সময় ভারতীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তাঁরা সিএসসির কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন। অজিত দোভালকে তাঁর সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমান।’ 

উল্লেখ্য, প্রবল আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ থেকে ভারতে উপদেষ্টা পর্যায়ের এটিই প্রথম সফর। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আমন্ত্রণে ‘কলম্বো নিরাপত্তা কনক্লেভে’ যোগ দিতে খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল গত মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছায়।

মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত সোমবার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার দুই দিনের মধ্যে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। তবে রায়ের আগেই এ সফর নির্ধারিত ছিল। 

‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’ মূলত নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় ফোরাম। নিরাপত্তা সহযোগিতাই এই ফোরামের মূল লক্ষ্য।

বাংলাদেশ গত বছর এই ফোরামের সদস্য হয়েছে। আজ বৃহস্পতিবার ফোরামের আনুষ্ঠানিক বৈঠক শেষে খলিলুর রহমানের বাংলাদেশে ফেরার কথা রয়েছে। 

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামাল বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ তাঁদের ফেরত পাঠাতে ভারতের প্রতি অনুরোধ জানিয়ে আসছে। গত সোমবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায়ের পর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন।

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল।’ 

পররাষ্ট্র মন্ত্রণালয় তার সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলেছে, ‘আমরা ভারত সরকারের প্রতি আহবান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে।’

রায়ের বিষয়টি আমলে নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সেদিন সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে সেখানে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেনি।

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশ ভারতকে এর আগেও চিঠি পাঠিয়েছে। রায়ের পর আবারও চিঠি পাঠানো হচ্ছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com