শেখ সালাহ্উদ্দীন
সামনে দেখে ভরা পুকুর
খুকুমণির ছোট্ট কুকুর
বের করে জিভ লাফাচ্ছিল
তিড়িংবিড়িং চার পায়ে
মনে মনে ইচ্ছেটা তার
এই পুকুরে কাটবে সাঁতার
পদ্মফুলের রেণু এনে
মাখবে মুখে আর গায়ে।
খুকুর চোখের ইশারাতে
সাঁতার দিল সাথে সাথে
কুকুর ভীষণ আনন্দে
পদ্মপাতায় কোলাব্যাঙ
ডাকছিল খুব ঘ্যাঙর ঘ্যাঙ
না সুর তালে বা ছন্দে।
সামনে হঠাৎ কুকুর দেখে
ধমক দিল ব্যাঙটা হেঁকে
ভীষণ রেগে কামড়ে দিল
ওই কুকুরের ছোট্ট নাক
ডাঙায় উঠে কুকুর বলে
কোন বোকা আর নামে জলে!
ডাঙায় থাকা অনেক সুখের
জলের প্রাণীই জলে থাক।