সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

হেলাল হাফিজের অগ্রন্থিত কবিতা

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

সংগ্রহ ও ভূমিকা : মুহিত হাসান

১৯৮৬ সালে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ এবং ২০১৯ সালে প্রকাশ পাওয়া দ্বিতীয় ও সর্বশেষ পূর্ণাঙ্গ কবিতার বই ‘বেদনাকে বলেছি কেঁদো না’—মাত্র এই দুটি বই দিয়েই হেলাল হাফিজ পেয়েছিলেন পাঠকের ভালোবাসা আর অপরিমেয় খ্যাতি। এ ছাড়া তাঁর মৃত্যুর পর কতক অগ্রন্থিত টুকরো পদ্য নিয়ে প্রকাশ পেয়েছে ‘অগ্রন্থিত কথামালা’ (২০২৫) নামের আরেকটি বই। কিন্তু পূর্বোক্ত তিনটি বইয়ের বাইরেও এই বিরলপ্রজ কবির কিছু মূল্যবান কবিতা সম্ভবত রয়ে গেছে। সম্প্রতি খুঁজে পাওয়া গেল তাঁর ‘আত্মঘাতী কনিষ্ঠ সাংবাদিক’ শীর্ষক বক্ষ্যমাণ সবিশেষ অগ্রন্থিত কবিতাটি, যা ছাপা হয়েছিল ১৯৭২ সালের ৮ নভেম্বর প্রকাশিত দৈনিক ‘পূর্বদেশ’-এর ব্রডশিটে ছাপা হওয়া ঈদ সংখ্যায়।

২০২৫ সালের একুশে বইমেলায় প্রকাশিত হেলাল হাফিজের ‘কবিতাসমগ্র’তেও কবিতাটি নেই।আত্মঘাতী কনিষ্ঠ সাংবাদিক

যে কোনো কুমার আজ সাংবাদিক হলে, কারো কারো

আশা করা স্বাভাবিক

সূর্যোদয় রঙ দিয়ে ব্যানার সাজানো হবে প্রথম পৃষ্ঠায়—

‘বিদ্রোহ বাঁচাবে স্বদেশ’।

 

যে কোনো কুমার আজ সাংবাদিক হলে,

যুদ্ধে বিধবা হয়ে সদ্য ব্রোথেলে আসা কমলার

আশা করা স্বাভাবিক

অবশ্যই ফিরে যাবে স্বামীহীন পুরনো সংসারে।

কুমারী-কামনা নিয়ে নষ্টদেহ পারভিনের

আশা করা স্বাভাবিক

কৌমার্য্য ভাঙে না সমরে।

মহকুমা শহরের স্কুল মাস্টারের

আশা করা স্বাভাবিক

মরবেন না স্টমাক আলসারে।

যে কোনো কুমার আজ সাংবাদিক হলে, কৃষক শ্রমিক,

ছাত্র জনতা, সাবেক মুক্তিযোদ্ধা এখন ডাকাত, স্মাগলার,

রাজনীতি খেলোয়াড়, নতুন বন্ধু, পুরনো শত্রু, স্কুলের মাস্টার

কিম্বা কমলার, রিলিফ মেম্বার আর সমর-সন্তান,

পারভিনের অর্থাৎ সকলের

আশা করা স্বাভাবিক

সূর্যোদয় রঙ দিয়ে ব্যানার সাজানো হবে প্রথম পৃষ্ঠায়—

‘বিদ্রোহ বাঁচাবে স্বদেশ’।

করুণ কুমার আমি আত্মঘাতী কনিষ্ঠ সাংবাদিক,

ওসবের কিছুই লিখি না, সাজাই না কোনো এক্সক্লুসিভ

আজকাল আমি এক মর্মান্তিক অনুগত পত্রিকার লোক।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com