দুর্গাপূজা মানেই মণ্ডপে মণ্ডপে দিনভর ঘুরে বেড়ানো। এ সময় চুলের বাঁধন আরামদায়ক হওয়া ভালো। নতুন পোশাকের সঙ্গে চুলের সাজটাও হওয়া চাই মানানসই। চুলের সাজ নিয়ে লিখেছেন আয়েশা সিদ্দিকা স্বর্ণা

যেমন—শাড়ির সঙ্গে সব ধরনের চুল বাঁধাই ভালো দেখায়। চুল খোলাও থাকতে পারে শাড়ির সঙ্গে।
স্কার্ট বা একটু পাশ্চাত্য ঘরানার পোশাকের সঙ্গে চুল খোলা রাখলেই ভালো দেখায়। এ ধরনের পোশাকের সঙ্গে যদি চুল খোলা রাখতে মন চায়, তবে তা-ও রাখতে পারেন। এ ক্ষেত্রে সামনের দিকে সিঁথি করে চুলগুলো দুই পাশে টুইস্ট করে নিন। পেছনের চুল খোলা থাকলেও সামনে এমনভাবে বাঁধলে পূজায় সারা দিন ঘোরাফেরায় খুব একটা বিঘ্ন সৃষ্টি করবে না। শাড়ির সঙ্গে চুলের কায়দায় কিছুটা ফিউশন লুক পছন্দ তরুণীদের। তেমনই দেখায় হাফ আপ। চুলের ওপরের অংশটি তুলে টান টান করে খোঁপার মতো বেঁধে নিন। সাজিয়েও নিতে পারেন চুলের কাঁটা বা অন্য হেয়ার অ্যাকসেসরিজে। নিচের অংশটি খোলা থাক। অন্য রকম দেখাবে। এই স্টাইল দিব্যি ভালো দেখাবে পশ্চিমা বা ফিউশন সাজেও।
সাবেক সাজ হোক কিংবা বোহেমিয়ান লুক মেসি সাইড ব্রেইড বা একদিকের একটু এলোমেলো চেহারার বিনুনি এখন ইন। এক পাশে সিঁথি করে একদিকের কাঁধের ওপরে নিয়ে আসুন পুরো চুল। এবার আলগা করে বিনুনি বাঁধুন। কয়েকটি চুল তার থেকে খুলে দিন এলোমেলো ভাব আনতে। রংবাহারি ক্লিপ কিংবা ফুলে সাজিয়ে নিন।