শুভ্র কাশফুল, নীল আকাশ আর সাদা মেঘের ভেলায় ভেসে বেশ কিছুদিন আগেই এসেছে শরৎ। ঋতুর এই সৌন্দর্যকে কেন্দ্র করে গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় উদযাপন করা হয় শরৎ উৎসব ১৪৩২। উৎসব উপলক্ষে জমেছিল কবি, সাহিত্যিক আর সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মিলনমেলা। সেখানে একসূত্রে গাঁথা হলো কবিতা, গান, নৃত্য ও কথামালা।ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদ’ আয়োজিত উৎসবে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, ‘আমাদের এই দেশ যেটা নানা ধরনের আঘাতে আক্রান্ত এবং আমরা হয়তো দেশের সবকিছু নিয়ে খুশি নই, কিন্তু এর কতগুলো ঐশ্বর্য সম্ভারও আছে। তার মধ্যে প্রকৃতি একটা এবং এই শরৎ একটা।’ প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ‘ঢাকা শহরে তো উৎসব নেই, আর তার মধ্যে শরৎ উদযাপিত হচ্ছে অনেক দেরিতে। আমাদের শরৎ উৎসবেরও অনেক আগে আসলে শরৎ প্রকৃতিতে শুরু হয়ে গেছে।