সোহরাব হাসান
ঘরে বসে থাকা মানে বেঁচে থাকা নয়
ঘরের বাইরে ওই যে লক্ষ কোটি মানুষ
মিছিল নিয়ে ডাকছে তোমাকে
তুমি কি ঘরে বসে থাকবে একাকী?
মুখ বুজে থাকা মানে বেঁচে থাকা নয়
ভয়কে জয় করেই তুমি পথে নামো
যে তোমাকে মারবে ভাবছ
সে তোমার চেয়ে শক্তিমান নয়।
জীবনকে তুচ্ছ করে মৃত্যুর সড়কে
হেঁটে গেল কতিপয় দুরন্ত যুবক
প্রেমিক না হয় ভুলে যাক প্রেমিকাকে
প্রেমিকা বিস্মৃত হোক প্রেমিকের নাম
তবু মিছিল দীর্ঘ করো।
দয়িতার চুম্বনের কথা পরে ভাবা যাবে
আগে তুমি বাঁচো
বিপ্লব বিদ্রোহের কথাও পরে ভাবা যাবে
আগে তুমি বাঁচো
এবার আগুন দিয়ে আগুনকেই তুমি রোখো।