আবুল হায়াত ভাইকে নিয়ে অন্য রকম একটা গল্প আছে আমার। এই সুযোগে সে গল্পটাই বলি। তিনি তখন মঞ্চ, টেলিভিশন ও প্যাকেজ নাটকের একচ্ছত্র অভিনেতা। তাঁর অভিনীত চরিত্রগুলো দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।তখন ইমপ্রেস টেলিফিল্ম অনেক নাটক ও টেলিছবি তৈরি করছে। বিটিভি ও চ্যানেল আইতে সেসব প্রচারিত হচ্ছে। দর্শকপ্রিয়তাও পাচ্ছে। চ্যানেল আই নতুন টিভি চ্যানেল।
ভালো ভালো নাটক দেখিয়ে দর্শকদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে। সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু যাদের নিজস্ব পরিচয় আছে, বিজ্ঞাপনদাতাদের কাছে গ্রহণযোগ্য, সংস্কৃতি অঙ্গনে যাঁদের চাহিদা বেশি, তাঁদের একত্র করব কিভাবে? এ রকম এক গভীর চিন্তায় পড়ে গেলাম। আবুল হায়াতের সঙ্গে ঘনিষ্ঠ শিল্পীদের এক ছাতার তলে কিভাবে আনা যায়? আমরা চাইলাম হায়াত ভাই নাট্য পরিচালনায় আসুক।
ভেবে দেখলাম, খ্যাতিমানদের সঙ্গে নাটক করতে গেলে ছোটখাটো সমস্যা হয়। শিডিউল নিয়ে, সম্মানী নিয়ে, চুক্তিনামা নিয়ে নানা জটিলতা।