অস্পৃশ্য কাল
এসেছি অক্ষর
অস্পৃশ্য কালে
তবু তুমি ছুঁয়ে দিলে
অদৃশ্য আঙুলে!
কেমন আছো
দুপুর যদি নাই জানালো
কোথায় রোদের শুরু
কোথায় আলো চোখ মেলেছে
ও মেঘ তুমি বাড়ি ছেড়ে
কোন আকাশে ওড়ো
যেমন তুমি রেখে গেছো
সকাল তেমন আছে
গতি
পথ যতো দীর্ঘ হোক
পথিকের দেখা না পেলে
একদিন সেও থামে!
পেছনে তাকায় গতি
চাঁদ-সূর্য প্রতিদিন
ক্লান্তিহীন ভ্রমণ শেষে
পুনরায় পা বাড়ায়
পথে—প্রভাতে!
পথের প্রকৃতি
কতো পথ পাড়ি দেয়া হলে
লাল টিপ সূর্য-স্নানে
মুখরিত মায়াবী প্রান্তর
একদিন থামে!
রাত্রির অন্ধকারে নিজেকে হারিয়ে
ফের যদি সকালকে খুঁজি
দূরের দিগন্তে বিন্দুবৎ
পথিকের প্রাণের প্রবাহে
পথ তুমি পুনরায় জেগো
অসমাপ্ত ভ্রমণের
স্মৃতি নিয়ে
পথের প্রকৃতি
দুঃসাহসে ভাসে!
অ্যাকুরিয়াম-১
কখন যে
ছোট্ট অ্যাকুরিয়ামটিকে ভেবেছি
আমার পৃথিবী
মৃদু আঘাতেই
ভেঙে চুরমার কাচের দেয়াল
গড়িয়ে পড়ছে স্মৃতি—জলধারা
নিস্তেজ এ দেহমন
রঙিন মাছটি সাড়াশব্দহীন!
অ্যাকুরিয়াম-২
চোখ খুলে দেখি
আকাশ তাকিয়ে আছে
পৃথিবী কি
আগের মতোই—নাকি
সবুজ হয়েছে আরো!
ছাইয়ের স্তূপে
মুখ তোলে নতুন অঙ্কুর
এখনো অতীত
বাকরুদ্ধ
মৃত্যুর প্লাবনে
সাগর শুকিয়ে গেল
এক গ্লাস পানি হাতে
কেউ এসে বলল না
আরো একবার পান করো
ছোট্ট এই অপূর্ণ জীবন।
।