বর্ষাকালে রাস্তা গলি বৃষ্টিতে থইথই
বাসায় এলো দুই অতিথি টাকি এবং কই
টাকির স্বভাব তিড়িংবিড়িং কইয়ের মেজাজ টং
ড্রয়িংরুমের ফ্লোরে দুজন নাচছিল—পিংপং।
দুই অতিথি বসবে কোথায়? থাকবে কোথায় রাতে?
সবাই অবাক! আসল তারা কিভাবে কার সাথে!
আসল যখন থাকবে কদিন! খাবে কী তিনবেলা?
আপ্যায়নের ত্রুটি হলে সামলাবে কে ঠেলা?
প্রশ্ন শুনে কই ও টাকি
বলল—ওমা! থাকব নাকি?
একটু পরেই বিদায় নেব, ছুটব সাঁতার কেটে
চা-বিস্কুট খাওয়ার মতো জায়গা তো নেই পেটে।
বিদায়বেলা দুই অতিথি বলল হাসিমুখে—
এসেছিলাম চিন্টুবাবুর জুতার ভিতর ঢুকে।
আবার যদি ঢুকতে পারি আসব অবশ্যই
চিন্টুবাবুর জুতার ভিতর জল করে থইথই।