সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ফসলের মাঠের মাঝখানে বটবৃক্ষ চত্বরে এবারের ‘ইত্যাদি’

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে
‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত জেলা ঝিনাইদহে। মঞ্চ নির্মাণ করা হয় এশিয়ার বৃহত্তম কৃষি খামার মহেশপুরের দত্তনগরের ফসলের মাঠের মাঝখানে বটবৃক্ষ চত্বরে। মহেশপুরে ধারণ হলেও দর্শকরা আসেন ঝিনাইদহের বিভিন্ন উপজেলাসহ পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা এবং যশোর থেকেও। আমন্ত্রিত দর্শক ছাড়াও অনুষ্ঠানস্থলের বাইরে প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত হন।

সারা দিন রৌদ্রোজ্জ্বল থাকলেও শুটিং শুরুর কিছুক্ষণ পর শুরু হয় বৃষ্টি। চলে টানা চার-পাঁচ ঘণ্টা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে পড়তে হয় দর্শক ও ‘ইত্যাদি’র শিল্পী কলাকুশলীদের। পরে ভেজা মঞ্চেই চলে দৃশ্যধারণ।
 

এবারের পর্বে ঝিনাইদহের কিংবদন্তি লোককবি পাগলা কানাইয়ের কথা ও সুরে একটি লোক গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী ও তসিবা। গানটির সংগীত পরিচালনা করেছেন মেহেদী। মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় কিশোর দাশের সুর ও সংগীত পরিচালনায় আর একটি গানে কণ্ঠ দিয়েছেন ঝিনাইদহের সন্তান মনির খান। অনুষ্ঠানের শুরুতেই থাকবে ঝিনাইদহকে নিয়ে শৈলকুপার মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর নৃত্য।

কোরিওগ্রাফি করেছে মোহাম্মদ শাহিন ইসলাম, গানে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত আয়োজন করেছেন মেহেদী। 

দর্শকপর্বে ঝিনাইদহকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে চারজন দর্শক নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকরা ঝিনাইদহের ব্র্যান্ডিং পণ্য কলা ও পান নিয়ে রচিত একটি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেন।

এবারের পর্বেও থাকবে বেশ কয়েকটি প্রতিবেদন।

ঝিনাইদহের ওপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। এশিয়ার অন্যতম বৃহৎ বীজ উৎপাদন খামার হিসেবে পরিচিত দত্তনগর কৃষি ফার্ম এবং ঝিনাইদহের কয়েকজন কীর্তিমান ব্যক্তিত্বের ওপর প্রতিবেদন। ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামের সমাজকর্মী পাখি দরদি মানবিক মানুষ জহির রায়হানের ওপর রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন। 

এ ছাড়া সমসাময়িক বিভিন্ন বিষয় ও প্রসঙ্গ নিয়ে সামাজিক অসংগতি ও সমাজ সংস্কারের ওপর রয়েছে বেশ কিছু তীক্ষ ও তির্যক নাট্যাংশ। এবারের ‘ইত্যাদি’র বিভিন্ন পর্বের উল্লেখযোগ্য অভিনয়শিল্পীদের মধ্যে আছেন—বাবুল আহমেদ, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, সুভাশীষ ভৌমিক, আমিন আজাদ, আঞ্জুমান আরা শিরিন, রকি খান, জিল্লুর রহমান, মুকিত জাকারিয়া প্রমুখ।

‘ইত্যাদি’র এবারের পর্বটি প্রচারিত হবে ৩০ মে শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর, বাংলাদেশ টেলিভিশনে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনায় যথারীতি হানিফ সংকেত। নির্মাণে ফাগুন অডিও ভিশন।

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com