সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

কবি টোকন ঠাকুরের কবিতা

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

কবি টোকন ঠাকুরের কবিতা

চালচিত্র
….
চন্দ্রের প্রভাব…
লঘু বাক্যে গুরু গুরু ভাব

বস্তুত, মূলত, ফলত, প্রসঙ্গত
তো তো তো
ঢাকার রাস্তায়, শপিংমলে, দলে দলে যতই দেখা যাক
বাসাতেই প্রচণ্ড নারীর অভাব

যদি বা প্রসঙ্গ চেঞ্জ: বাড়ি বাড়ি, বাসায় বাসায়
আজিকার যত নারিকেল
একদিন ছিল ডাব
লঘু বাক্যে গুরু গুরু ভাব
বাড়িতেছে সূর্যের প্রভাব…

মে মাসের রোদ মেরে ঘুরে বেড়াচ্ছি, খুঁজে বেড়াচ্ছি
আজিকার যত ডাব
যত যত ডাব…

০২/০৪/২০০৯

আমি রিলেটিভ, মেসো
……………
যমুনা বলিতে পারিত, ‘আবার আসবেন’
কিন্তু যমুনা কহিল, ‘… এসো’
আমি নির্বাক, আমি কবিযশোপ্রার্থী
আমি রিলেটিভ, আমি যমুনার মেসো

যমুনা বলিতে পারিত, ‘ব্যাগটা একটু ধরেন’
যমুনা শুধু বলিল, ‘মেসো, ধরেন’

ধপ করে কারেন্ট চলে গেল, ধব ধব
ঢিব ঢিব… বুকের মধ্যে শব্দ হচ্ছিল ধুব ধুব
মনেই ছিল না যে, আমি কে? আমার নাম কি হরেন
না নরেন?

আমি যমুনার মেসো হই, যথেষ্ট ডিস্টেন্স
ডিস্টেন্স ঘুচাল কে? আমি, না যমুনা?

যমুনা বলতে পারত, ‘ব্যাগটা আবার ধরেন’
কিন্তু বলল, ‘ধরেন’
বললাম, ‘কি?’
বলল, ‘কমু না’

বিদায়লগ্নে, ‘আবার আসবেন’ না বলিয়া কহিল, ‘… এসো’
সঙ্গত ধাক্কা খাই, ধাক্কায় ধাক্কায় উঠে দাঁড়াই, দাঁড়াতে হবেই
কারণ, আমি রিলেটিভ, আমি যমুনার মেসো

খাদ্যখাবার
……..
দিঘিতে হাঁস শামুকদানা খোঁজে
শরীর ভাসে… নাখমুখঠোঁট জলে
দিঘিতে হাঁস ঝিনুকদানা খোঁজে…

মৃগয়াকে ব্যাঘ্র… বনস্থলে
প্রয়োজনীয় খাদ্য মনে করে

তোমার বুকে কী খুঁজেছি কাল
শামুক? ঝিনুক? মাতৃশিশুকাল?
তোমার বুকে কী পেয়েছি কাল–
পুরো শৈশব, হুলো বাল্যকাল?

মৃগয়াকে ব্যাঘ্র… বনস্থলে
নিজের জন্য খাদ্য কনফার্ম করে

কাল কি ছিল অতিরিক্তকাল?
তোমার বুকের তিলটি ছিল তাল… !
এমন কি তিল কৃষ্ণ নহে, লাল?
কালকে আকাশপাতাল ছিল কাল… !

কালকে আমি বনস্থলে ছিলাম
প্রমাণ ছিল, ব্যাঘ্র আমার নাম
তোমার বুকের মাংশ ছিল, কাঁচা
তাই খেয়েই তো আজ পর্যন্ত বাঁচা–
কাল পর্যন্ত বাঁচতে যদি চাই
ব্যাঘ্র আমি, কাঁচামাংশই চাই

বকের চোখে পুঁটির ছবি আঁকা
পুঁটির চোখেও কেঁচো আঁকা ছিল
তোমাকে খেয়ে আমার বেঁচে থাকা
না খেয়ে কারও বেঁচে থাকা ছিল?

২৩/২/২০০৯

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com