বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নিশো-তমার হ্যাটট্রিক

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চলচ্চিত্রে কিছু জুটি তৈরি হয় দর্শকের ভালো লাগা থেকে, আবার কিছু জুটি নিজেদের অভিনয় ও পর্দার রসায়ন দিয়ে সেই ভালো লাগাকে স্থায়ী করে তোলে। তারকা অভিনয়শিল্পী আফরান নিশো ও তমা মির্জা তেমনই এক জুটি।

‘সুড়ঙ্গ’ দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু, ‘দাগি’তে সেই রসায়নের দ্বিতীয় অধ্যায়, এবার ভিকি জাহেদের ‘খলনায়ক’ দিয়ে হ্যাটট্রিক। তবে এবারের গল্পে নতুন মাত্রা যোগ করেছেন চঞ্চল চৌধুরী। মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এই সিনেমায় নিশো, তমা ও চঞ্চলের একসঙ্গে উপস্থিতি দর্শকের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।
নিশো ও তমার জুটির শুরু ২০২৩ সালে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমায়। বড়পর্দায় নিশোর অভিষেকের ছবিতে তাঁর বিপরীতে ছিলেন তমা মির্জা। সিনেমাটি ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি দুই অভিনয়শিল্পীর পর্দার রসায়ন নিয়েও আলোচনা তৈরি করে। বিশেষ করে নিশোর অভিনয়ের নতুন পরিচয় এবং তমার সাবলীল উপস্থিতি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পায়। প্রথম ছবির সাফল্যের পর দর্শকের মনে স্বাভাবিকভাবেই এই জুটিকে আবার দেখার প্রত্যাশা তৈরি হয়।
সেই প্রত্যাশার ধারাবাহিকতায় আসে শিহাব শাহীনের ‘দাগি’।

‘দাগি’ শুধু প্রেমের গল্প ছিল না; মুক্তি ও প্রায়শ্চিত্তের মতো বিষয়ও এর কাহিনিতে গুরুত্ব পেয়েছিল। ফলে দুই শিল্পীর জুটির সামনে অভিনয়ের ভিন্ন ক্ষেত্রও তৈরি হয়।
এবার তাদের তৃতীয় সিনেমা ‘খলনায়ক’। নির্মাতা ভিকি জাহেদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। শুরুতে নিশো ও তমাকে নিয়ে নতুন সিনেমার গুঞ্জন শোনা গেলেও নির্মাতা সে খবর অস্বীকার করেছিলেন। পরে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে প্রকাশ পায়, নিশো ও তমার পাশাপাশি থাকছেন চঞ্চল চৌধুরী। সাইকোলজিক্যাল থ্রিলার বা মনস্তাত্ত্বিক রোমাঞ্চকর ঘরানার ছবিটির দৃশ্যধারণ বাংলাদেশ ও ভারত মিলিয়ে ইতোমধ্যে শেষ হয়েছে।
সিনেমাটি নিয়ে আফরান নিশোর আগ্রহের জায়গাটিও মূলত গল্প ও নির্মাণশৈলী। তিনি বলেন, ‘ভিকি জাহেদের নির্মাণ, গল্প বলার ধরন অন্যদের থেকে ভিন্ন। খলনায়কের চিত্রনাট্য শোনার পরেই মনে হয়েছে এটি দারুণ মনস্তাত্ত্বিক ক্যানভাস। আশা করি দর্শকরা নতুন এক অভিজ্ঞতা পাবেন।’
তমা মির্জা বলেন, ‘‘নতুন সিনেমায় অভিনয় করেছি।   তবে সিনেমাটি নিয়ে বিস্তারিত এখনই কিছু বলতে চাই না। শুধু এতটুকুই বলব,‘দাগি’ সিনেমায় অভিনয়ের পর বিরতি নিয়েছিলাম। অনেকেই জানতে

চেয়েছেন নতুন সিনেমার খবর। দাগির পর 
কেন এত বিরতি নিলাম এর উত্তর দর্শক নতুন সিনেমায় পাবেন। দর্শক-ভালোবাসায় আমার প্রতিটি কাজই আমার জন্য বিশেষ। এই নতুন মাল্টিকাস্টের প্রজেক্ট বা তারকা বহুল চলচ্চিত্র প্রকল্প নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। আশা করি, আমার আগের কাজগুলোর মতো নতুন কাজটি সবার ভালো লাগবে।’
সিনেমাটির নির্মাতা ভিকি জাহেদের বক্তব্যেও রয়েছে নতুনত্বের ইঙ্গিত। তাঁর ভাষায়, ‘মানবচরিত্রের গভীর জটিলতা ও রহস্যময়তার এক নতুন চিত্রায়ণ এই সিনেমা। চিত্রনাট্য, কাস্টিং ও নির্মাণশৈলীতে দর্শক বৈচিত্র্য দেখতে পাবেন।’
নিশো-তমার হ্যাটট্রিকের পাশাপাশি ‘খলনায়ক’-এর আরেকটি বড় আকর্ষণ দুই অভিনয়শিল্পীর সঙ্গে চঞ্চল চৌধুরীর উপস্থিতি। গত রোজার ঈদে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমায় প্রথমবার বড়পর্দায় একসঙ্গে অভিনয় করেছিলেন চঞ্চল ও নিশো। বছর না ঘুরতেই আবার তাদের একসঙ্গে দেখা যাবে। তবে এবার গল্পের ধরন আলাদা। মনস্তাত্ত্বিক থ্রিলারে মানুষের অন্তর্গত দ্বন্দ্ব, গোপন প্রবণতা ও রহস্যময়তার জায়গাগুলো কীভাবে উঠে আসে, সেটিই হবে নির্মাতার জন্য বড় পরীক্ষা। একই সঙ্গে তমা মির্জার চরিত্রও কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তা নিয়ে কৌতূহল রয়েছে। কারণ আগের দুই সিনেমায় নিশোর বিপরীতে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী এবার আরও বড় তারকাসমৃদ্ধ অভিনয়-পরিসরে নিজের অবস্থান তৈরি করার সুযোগ পাচ্ছেন।
নিশো-তমার এই পর্দার যাত্রার বাইরে তাদের ব্যক্তিজীবন ও পেশাগত ব্যস্ততাও আলাদা করে আলোচনায় রয়েছে। সম্প্রতি নিউইয়র্ক ভ্রমণে গিয়েছিলেন তমা। সামাজিক মাধ্যমে শহরটির বিভিন্ন জায়গা থেকে ছবি ও অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি। নিউইয়র্ককে ঘিরে তাঁর পোস্টে ছিল ব্যক্তিগত আনন্দ, নতুন জায়গা দেখার উচ্ছ্বাস এবং স্মৃতি জমিয়ে রাখার অনুভূতি।
ব্রুকলিন ব্রিজে প্রথমবার যাওয়ার অভিজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, জায়গাটির সৌন্দর্য ও পরিবেশ তাঁর মনে বিস্ময় তৈরি করেছে। তাঁর এই সফর অভিনয়জীবনের ব্যস্ততার বাইরে নিজেকে সময় দেওয়ারও একটি উপলক্ষ হয়ে উঠেছে। অভিনয়ের বাইরে তমার জীবনে যুক্ত হয়েছে নতুন পেশাগত পরিচয়ও। সম্প্রতি তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি একটি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে যোগ দিয়েছেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে তমা বলেন, ‘অনেকদিন ধরেই ইচ্ছা ছিল জীবনে নতুন কিছু শুরু করব। সেই ভাবনা থেকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টে যোগদান করেছি। নিজের ইচ্ছাতে যেহেতু এখানে এসেছি। তাই অভিনয়ের পাশাপাশি করপোরেট লাইফও বেশ উপভোগ করছি।’
অন্যদিকে আফরান নিশোও নিজের অভিনয়জীবনে ধারাবাহিকভাবে বৈচিত্র্য খুঁজছেন। টেলিভিশন নাটক ও ওয়েব কনটেন্টে দীর্ঘদিনের জনপ্রিয়তার পর ‘সুড়ঙ্গ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক তাঁর ক্যারিয়ারে নতুন অধ্যায় তৈরি করে। এরপর ‘দাগি’তে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় এবং ‘দম’-এ চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজ তাঁর চলচ্চিত্রযাত্রাকে আরও বিস্তৃত করেছে। অভিনয়ের ক্ষেত্রে চরিত্রের মনস্তত্ত্ব, গল্পের অভিনবত্ব এবং নির্মাতার নিজস্ব ভাষাকে গুরুত্ব দেওয়ার প্রবণতা তাঁর কাজের মধ্যে দেখা যায়। ‘খলনায়ক’-এও সেই অনুসন্ধানের নতুন পরীক্ষা দিতে যাচ্ছেন তিনি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com