সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নৃত্য গান আবৃত্তিতে কবিগুরুকে স্মরণ

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

নৃত্য, গান, নাটক, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে তিন দিনব্যাপী আয়োজিত রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রদীপ প্রজ্বালন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় প্রথম দিনের আয়োজন। এরপর সদ্যপ্রয়াত রবীন্দ্রসংগীত শিল্পী সাদী মহম্মদকে স্মরণ করা হয় যন্ত্রসংগীতের করুণ সুর পরিবেশনার মাধ্যমে।

‘সোনার বাংলার স্বপ্ন ও বাস্তবতা: রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন স্পিকার। স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাহ আজম এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। স্মারক বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। সভাপতির বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।

শিরীন শারমিন চৌধুরী বলেন, রবীন্দ্রনাথ এবং বঙ্গবন্ধুর দর্শন একসঙ্গে দেখলে তার কেন্দ্রে বাঙালি জাতিসত্তা, আত্মপরিচয় এবং আত্মমর্যাদা খুঁজে পাই। বাঙালির আত্মপরিচয় ও আত্মমর্যাদা প্রতিষ্ঠাই ছিল রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর মধ্যকার নিবিড় যোগসূত্র।

আলোচনা পর্ব শেষে সমবেত সংগীত ‘হে নূতন দেখা দিল আর বার’ পরিবেশনার মাধ্যমে শুরু হয় দ্বিতীয় পর্বের আয়োজন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবেশন করে সমবেত সংগীত ‘ঐ মহামানব’। এরপর ভাস্বর বন্দ্যোপাধ্যায় কবিতা আবৃত্তি করেন। সমবেত সংগীত ‘ও আমার দেশের মাটি’ পরিবেশন করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এরপর নৃত্যনাট্য পরিবেশন করে বাংলাদেশ শিশু একাডেমির শিল্পীরা। ‘সবার তুমি আনন্দধন’ গান ও কবিতা পরিবেশন করেন সামিউল ইসলাম পুলক এবং মাহনাজ করিম হোসেন। একক সংগীত পরিবেশন করেন বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ‘রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু’ নৃত্যালেখ্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদল। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন তামান্না তিথি ও নুরুল হাসনাত জিলানী।

বিশ্বময় সংস্কৃতিচর্চার প্রত্যয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপন অনুষ্ঠান আগামীকাল শুক্রবার পর্যন্ত চলবে। এদিকে গতকাল সকালে শিল্পকলার সংগীত ও নৃত্যকলা ভবনে রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে জাতীয় পর্যায়ের সংগীত প্রতিযোগিতা হয়।

ছায়ানট: রবীন্দ্রজয়ন্তী উদযাপন উপলক্ষে সন্ধ্যা ৭টায় ছায়ানট মিলনায়তনে রবীন্দ্র উৎসব শুরু হয়। দুই দিনব্যাপী এ উৎসবের প্রথম দিনে পরিবেশন করা হয় একক ও সম্মেলক গান, নৃত্য, পাঠ-আবৃত্তি। অনুষ্ঠানে ছায়ানটের শিল্পীরা ছাড়াও আমন্ত্রিত শিল্পী ও দল অংশ নেন।

কুষ্টিয়া: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি প্রাঙ্গণে দুই দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিন গতকাল সকালে কুঠিবাড়ির উন্মুক্ত মঞ্চে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল-আলম হানিফ।

আরও পড়ুন

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com