ছোটপর্দার আলোচিত কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ বহু বছর ধরে সঞ্চালনা করেন অমিতাভ বচ্চন। ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় হয় এই শো।এবার জনপ্রিয় এই শো সঞ্চালনা করবেন মাধুরী দীক্ষিত। এই খবর ছড়াতেই অনেকে অবাক হয়েছেন। কারণ ইতিমধ্যেই অমিতাভ বচ্চনের সঞ্চালনায় শোটির নতুন সিজনের ঝলক এসেছে প্রকাশ্যে। তা হলে কি মাধুরীর খবরটা মিথ্যা? আসলে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মারাঠি সংস্করণের সঞ্চালিকা হবেন মাধুরী।এর আগে এই শোয়ের সঞ্চালকের আসনে দেখা গিয়েছে স্বপ্নীল জোশী, সচিন খেড়েকর এবং নাগরাজ মঁজুলের মতো অভিনেতাদের। মাধুরীর মাধ্যমে এই প্রথম কোনো নারী সঞ্চালকের দেখা মিলবে মারাঠি ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে। নিজেই সমাজমাধ্যমে নতুন দায়িত্বের কথা ঘোষণা করেছেন মাধুরী। তিনি লিখেছেন, ‘এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে জীবনের বিশেষ এক অধ্যায়ে পা রাখছি।জ্ঞান, স্বপ্ন এবং সম্ভাবনার সঙ্গে যুক্ত এই শোয়ের অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত। নতুন দায়িত্বে নতুন উদ্যম নিয়ে দর্শকের সামনে আসার অপেক্ষায় রয়েছি।’
মাধুরীর এই নতুন ইনিংস নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। সমাজমাধ্যমে একের পর এক শুভেচ্ছাবার্তা পাচ্ছেন তিনি। কারো কারো মতে, তাঁর দীর্ঘ ক্যারিয়ারে এটি আরো একটি উল্লেখযোগ্য মাইলফলক।