শ্রাবণ দিনের দগ্ধস্মৃতি
টোকন ঠাকুর
বৃষ্টি যদি আসে আসুক
আমার তাতে কী?
খিদের সামনে মেলে ধরা
পান্তা ভাতে ঘি!
বৃষ্টি যদি নামে নামুক
ব্যাঙ-দম্পতি বড্ড কামুক;
আমার তাতে কী!
আমি তো এক নদীর ধারে
আর কিছুটা বনবাদাড়ে
ছাতা ছাড়াই বাইরে গিয়ে
আসব না-হয় জ্বর বাঁধিয়ে
জ্বরের ঘোরে বৃষ্টি ঝরে
কে ভেসে যায় চরাচরে?
বৃষ্টি যদি নামে নামুক
আমার তাতে কী!
(আমি) শ্রাবণ দিনের দগ্ধস্মৃতি
ভিজতে দেখেছি
দিনদুপুরে বিন্দুপুরে
(আমি) শালিক হয়ে বৃষ্টি মেখেছি
কার বা তাতে কী!