পরিবর্তন
আহাদুজ্জামান মোহাম্মদ আলী
একটি ঘটনায় তার জীবনে এলো
অদ্ভুত পরিবর্তন;
পায়ের তলার মাটি গেল সরে,
শুধু শূন্যতা গ্রাস করে তাকে।
পুষ্প বিষণ্ণতার প্রতীক হয়ে আসে,
নীলাকাশ থেকে বেদনা ঝরে পড়ে;
জলের কলরোল তাকে বধির করে,
সুবাতাস বয় না কোথাও।
বেদনা বোধের মধ্যে বাসা বাঁধে,
“হৃদয় খুঁড়ে কে হায় বেদনা জাগাতে ভালোবাসে”–
তবুও সাধ জাগে মনে তার,
কিছু আঁকড়ে ধরার চেষ্টায় ক্লান্ত হয় বারবার।