শা হ রি য়া র শা হা দা ত
বৃষ্টি খুকি
বৃষ্টি খুকি ঘুমিয়ে ছিলো
দূরের আকাশবাড়ি
বাড়ি তো নয় টুকরো মেঘের
ঠান্ডা হাওয়াই গাড়ি।
মেঘ বিছানা মেঘের চাদর
জড়িয়ে রাখে ঘুম
মেঘলা তুলোর বালিশটাতে
আদর মাখা উম্!
ঘুমকাতুরে আলসে খুকি
আয়েসি ঘুম তার
মেঘবুড়িটা হাওয়াই গাড়ির
দুরন্ত ড্রাইভার!
হাওয়াই গাড়ির হর্ন বাজিয়ে
মেঘ কড়-মড়-কড়্
বললো বুড়ি, বৃষ্টি রে তুই
জলদি ঝরে পড়।
শ ফি কু র র হ মা ন স বু জ
হারিয়ে ফেলে খেই
হাত ছাড়ে না
সাথ ছাড়ে না
সঙ্গে যেতে চায়
‘বাবা’ ডাকে
খুকুমণি
নিত্য ইশারায়।
কিন্তু বাবার কাজ–
নানান কাজে ব্যস্ত থাকা
করছে না আন্দাজ।
তারপরেও সময় পেলে
কোলে তুলে নেই
এতেই খুকি, খুশির ছোটে
হারিয়ে ফেলে খেই!
কা জ ল নি শি
দাদুর ছাতা
বৃষ্টি-জলে দলে দলে
ব্যাঙছানা গান গায়
লাল-সবুজের এমন দেশে
মন হারিয়ে যায়!
জলের মাঝে সভা বসায়
কাইকা, পুঁটি, কই
এই না দেখে খোকন করে
দুরন্ত হইচই।
ঝুমবৃষ্টি, মেললো দাদু
মাথার ওপর ছাতা
সেই রূপটি আঁকতে খুকু
নিল তুলি-খাতা।
খাতায় যখন আঁকে খুকু
বৃষ্টি-নাচের জল
উড়ে এসে ঝাপটা মারে
কানা বকের দল!
শা হ্ কা নি জ খা দি জা
বৃষ্টি পড়ে
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে
টিনের চালে
নদীর জলে
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে
হিজল বনে
আপন মনে।
বৃষ্টি পড়ে ঝমঝমিয়ে
সারা পাড়ার ঘুম উড়িয়ে
কদম ফুলের ঘ্রাণ ছড়িয়ে
শুকনো পাতার নাও ভাসিয়ে।
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে
পাতায় পাতায়
রৌদ্র-ছায়ায়
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে
মাঠে-ঘাটে
নদীর তটে।
বৃষ্টি পড়ে ঝিমঝিমিয়ে
শাপলা ফুলে রূপ ছড়িয়ে
কোলা ব্যাঙের মন মাতিয়ে
পদ্মফুলে বিল সাজিয়ে।
প্রমি নিউজ বিডি
বিভিন্ন সূত্রঃ মিডিয়া থেকে নেয়া আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ ।