প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে নতুন গান প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। ‘মন’ শিরোনামের গানটি ১৮ জুলাই রাতে শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।
গানটির কথা ও সুর করেছেন মিয়া নূর। গানের কথায় উঠে এসেছে প্রিয় মানুষকে হারানোর বেদনা, স্মৃতি আর গভীর আবেগ। গানের একটি অংশে বলা হয়েছে- ‘মন তুই কেন দূরে পালালি, আমারে আপন কইরা অন্তরে পুষিয়া রাইখা, কেন এত মায়ায় জড়ালি, তোরে ছাড়া কী করে থাকিব।’
কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এস আই টুটুল। বর্তমানে সেখান থেকেই নিয়মিত নতুন গান প্রকাশ করছেন তিনি। ‘মন’ গানটির রেকর্ডিংও যুক্তরাষ্ট্রেই সম্পন্ন হয়েছে।