সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ শুরু

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বকাপ যেন কলম্বিয়ান পপতারকা শাকিরা ছাড়া অসম্পূর্ণই থেকে যায়। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় পুরো দুনিয়া মাতিয়েছেন তিনি ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে, যা এখন পর্যন্ত যেকোনো ক্রীড়া ইভেন্টের ক্ষেত্রে প্রতিষ্ঠা পেয়েছে সবচেয়ে সেরা হিট সংগীত হিসেবে।

আর ২০১৪ সালের আসরে ‘লা লা লা’ ছিল তাঁর শেষবার বৈশ্বিক মঞ্চে থাকা। পরের দুটি আসরে বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীরা মনে মনে তাঁকেই খুঁজে ফিরেছেন, অবশেষে একযুগ পর ফিরেছেন বিশ্বকাপসংগীতের এই রানি। এবার তাঁর কণ্ঠ আর নাচের মূর্ছনায় ‘দাই দাই’ শিরোনামের অফিশিয়াল থিম সং দিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শুরু হয়েছে গতকাল। মেক্সিকোর বিখ্যাত আজতেকা স্টেডিয়ামের মঞ্চ কাঁপিয়েছেন তিনি নাইজেরিয়ার সংগীতশিল্পী বার্না বয়ের সঙ্গে।
এ ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হওয়া এই বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করেছেন বিশ্বনন্দিত সংগীত তারকারা। 

বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ শুরুএ নিয়ে তিন বিশ্বকাপের সঙ্গে যোগসূত্র ঘটল শাকিরার, ২০১০ ও ২০১৪ সালে তাঁর কণ্ঠের জাদু যেভাবে সবাইকে বিমোহিত করেছিল। পপশিল্পী পরিবেশিত থিম সং কিভাবে একটি টুর্নামেন্টে ক্রীড়া ও সংস্কৃতিকে একসূত্রে গেঁথে ফেলতে পারে, এটা যেন তারই প্রমাণ। এবারও তাঁর গাওয়া গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের সমর্থনে তৈরি ‘দাই দাই’ গানটি সাড়া ফেলেছে বিশ্বব্যাপী।

সুরে সুরে বিশ্বকাপকে অভ্যর্থনা জানানোর বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘সারা বিশ্ব এই মুহূর্ত ভাগ করে নেবে, আর এভাবেই এই টুর্নামেন্টের সূচনা হবে। মেক্সিকো সিটি থেকে শুরু করে পরবর্তী দিনগুলোতে টরন্টো ও লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অনুষ্ঠানগুলো সংগীত, সংস্কৃতি ও ফুটবলকে একত্র করবে, যা প্রতিটি দেশের স্বকীয়তা তুলে ধরবে এবং একই সঙ্গে এই টুর্নামেন্টের ঐক্যের চেতনাও প্রকাশ করবে। এটি সত্যিকারের বৈশ্বিক এক উদযাপনের শক্তিশালী সূচনা।’ 

ইনফান্তিনোর কথারই বাস্তব উপস্থাপনা দেখা গেছে এর আগে দুই বিশ্বকাপের আয়োজক আজতেকা স্টেডিয়ামে। শুরুতেই মাঠের মাঝে নিয়ে আসা হয় বিশাল আকৃতির একটি বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা এবং গানের ছন্দে নৃত্য পরিবেশন করেন একদল নৃত্যশিল্পী।

পরে আরেকটি দল নিয়ে শাকিরার সঙ্গে প্রবেশ করেন বার্না বয়। কলম্বিয়ান পপসম্রাজ্ঞী মাঠ ছাড়তেই আয়োজক মেক্সিকোর পতাকাকে ফুটিয়ে তুলতে লাল, সাদা ও সবুজ রঙের স্মোক বোম ফাটিয়ে ছেয়ে ফেলা হয় আজতেকার আকাশ। পরে একে একে পারফরম করেন কলম্বিয়ান সুপারস্টার জে বালভিন, একাধিক গ্র্যামিজয়ী মেক্সিকান রক ব্যান্ড মানা এবং কিংবদন্তি র‌্যাঞ্চেরা সংগীতশিল্পী ভিসেন্তে ফার্নান্দেসের ছেলে পপতারকা আলেহান্দ্রো ফার্নান্দেস। এ ছাড়া মেক্সিকোর লাতিন পপতারকা বেলিন্ডা, গায়ক-গীতিকার লিলা ডাউনস, দক্ষিণ আফ্রিকার গায়িকা-গীতিকার টাইলা এবং ঐতিহ্যবাহী মেক্সিকান কুম্বিয়া সংগীত পরিবেশনকারী ব্যান্ড লস অ্যাঞ্জেলেস অ্যাজুলেসও অনুষ্ঠান মাতিয়েছে। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচ শুরুর কিছু আগে এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলের পতাকা নিয়ে মাঠে প্রবেশ করেন স্বেচ্ছাসেবকরা। 

জমকালো এই আয়োজন অবশ্য ভণ্ডুল হতে পারত বেতন বৃদ্ধি এবং বর্তমান পেনশন আইন বাতিলের দাবিতে শিক্ষক ইউনিয়নের চলমান অবরোধে। স্টেডিয়ামের দিকে যাওয়া বেশ কয়েকটি রাস্তা তাঁরা আটকে বিক্ষোভ করেছেন। সে জন্য সাধারণ দর্শকদের মাঠে যাওয়াটা বেশ কঠিনই হয়েছে। তবে এই স্টেডিয়াম ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেখভালের জন্য লাখখানেক আর্মি, পুলিশ ও বেসরকারি সংস্থার কর্মীদের নিয়োগ করেছে মেক্সিকো সরকার। স্কুল-কলেজগুলোয় ছুটি দেওয়া হয়েছে এবং বেশির ভাগ সরকারি কর্মীদের এবং খুব প্রয়োজন না হলে বেসরকারি চাকুরেদেরও ঘরে বসেই অফিসের কাজ করার নির্দেশনা দেওয়া হয়। সব মিলিয়ে তাই সব শঙ্কা উড়িয়ে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বিপুল দর্শক উপস্থিতিতে জমজমাট আয়োজনেই পেয়েছে মাঠে গড়ানোর অভিবাদন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com