
শিশুরা যাতে ঘরে বসেই মজার মজার খেলা খেলতে পারে, সে জন্য ক্রীড়াসামগ্রীর দোকানে আছে নানা খেলার উপকরণ। সবচেয়ে মজার বিষয়, এখন শিশুদের জন্য এমন এক ধরনের ব্যাট পাওয়া যায়, তাতে ক্রিকেটটাও হয়ে গেছে ঘরের খেলা।
শিশুরা কোন খেলার সামগ্রী বেশি নিচ্ছে—জানতে চাইলে সুবাস্তু শপিং মলের পাবনা স্পোর্টসের কর্ণধার মো. জাকিরুল হাসান বলেন, ‘একেক শিশুর আগ্রহ একেক রকম। কেউ ফুটবল, কেউ ক্রিকেট, কেউ লুডু পছন্দ করে। অনেক শিশুর পছন্দের তালিকায় আছে দাবা।’ বারিধারার বাসিন্দা সুমন হোসেন বলেন, ‘মাঠ নেই তো কী হয়েছে! শিশুরা ঘরেই খেলছে ক্রিকেট, ফুটবলসহ জনপ্রিয় সব খেলা। এর জন্য শুধু একটা ব্যাট ও বল হলেই হয়।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও অপরিহার্য। ঘরে শিশু যে খেলাই খেলুক, তার জন্য প্রয়োজন খেলার সামগ্রী বা উপকরণ। আসুন জেনে নিই বিভিন্ন খেলার সামগ্রী ও দরদাম বিষয়ে।

জাম্প রোপ বা লাফানো দড়ি : ব্র্যান্ডের দাম ২০০ থেকে ৩৫০, সাধারণ ৫০ থেকে ৮০ টাকা।
স্কেটিং : বিভিন্ন ব্র্যান্ড ও ডিজাইনভেদে দাম ৮৫০ থেকে ২০৫০ টাকা।
টেবিল টেনিস : বল ২০ থেকে ৩০, নেট ১০০ থেকে ৫০০, টেবিল ১০ হাজার থেকে ১৫ হাজার, ব্যাট ৩০০ থেকে ১০০০ টাকা।
ক্যারম : চার পকেট বোর্ড ৪০০ থেকে ১৫০০ টাকা, ঘুঁটি সেট ১০০ থেকে ১৫০, স্টাইক ৪০ থেকে ১০০, ভিট প্যাকেট ১০০ টাকা।
দাবা : ম্যাগনেটিক ফোল্ডিং বোর্ড (বক্স) ২০০ থেকে ১৫০০, প্লাস্টিক সাধারণ বোর্ড ২০০ থেকে ৫০০ টাকা।
সুইমিং : ক্যাপ ১০০ থেকে ৫০০, ট্রাউজার ৩০০ থেকে ৩৫০, শর্ট প্যান্ট ১৫০ থেকে ৭৫০, টি-শার্ট ৩৫০ থেকে ৫৫০, এয়ার প্লাগ ২০ থেকে ৩৫০, চশমা ১৫০ থেকে ৮৫০ টাকা। সুইমিং সামগ্রীর ভালো ব্র্যান্ড এরিকা, মিসুকা, স্পিডো, ব্যালেন্স।
ডার্ট বোর্ড : ম্যাগনেটিক ৬৫০ থেকে ১২৫০ টাকা, সাধারণ ৪০০ থেকে ৫৫০, তীর (আলাদা) ৪০ থেকে ৬০ টাকা।
ব্যাডমিন্টন : ম্যাক্স, ই-ম্যাক্স, গোল্ডেন উইন, জুরেক্স ইত্যাদি ব্র্যান্ডের র্যাকেট ২০০ থেকে ২৫০০, ফ্লাওয়ার প্রতিটি ২০ থেকে ১১০ টাকা।
বাস্কেটবল ও ভলিবল : ব্র্যান্ডের বাস্কেটবল ২০০ থেকে ৩৫০, মিনি বাস্কেট বোর্ড (ইনডোর) ১০৫০ থেকে ১২৫০, ঝুড়ি ৭০০ থেকে ৯০০ টাকা। বল ৫০০ থেকে ১২০০ টাকা।
ক্রিকেট : রিবক, নাইক, সিএ, ইয়াসির, এমআরএফ ইত্যাদি ব্র্যান্ডের ব্যাটের দাম ১৫০ থেকে ২০০০ টাকা। সেভেন স্টার, সুপার, এলিফ্যান্ট ইত্যাদি টেনিস বলের দাম ২০ থেকে ৩৫ টাকা।
ফুটবল : ব্র্যান্ডের বলের দাম ৫০০ থেকে ১৪০০ টাকা। সাধারণ ১৫০ থেকে ৪০০ টাকা।
মিনি গলফ ফিল্ড : মিনি গলফ ফিল্ড বানাতে পারেন বাসার ড্রয়িংরুমেই। বিভিন্ন দৈর্ঘ্যের মিনি গলফ ফিল্ড পাবেন ২৮০০ থেকে ৬৫০০ টাকার মধ্যে।
কোথায় পাবেন
যেকোনো খেলার সামগ্রীর দোকানে পাবেন ইনডোর গেমের সরঞ্জাম। এ ছাড়া মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, মওলানা ভাসানী হকি স্টেডিয়াম মার্কেট, গুলিস্তান স্পোর্টস মার্কেট, স্পোর্টস জোন বনানী, বসুন্ধরা সিটির লেভেল-২, মিরপুর শাহ আলী মার্কেট, নিউমার্কেট, উত্তরা, যাত্রাবাড়ী, মালিবাগ, কাকরাইলের বিভিন্ন স্পোর্টস সামগ্রীর দোকানে পাবেন ইনডোর খেলার সরঞ্জাম।