বেলফাস্টে আয়ারল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে শুরুটা একদমই ভালো ছিল না নিউ জিল্যান্ডের। প্রথম সেশনের আগেই ৮৬ রান তুলতে ৪ উইকেট হারায় অতিথিরা।
শুরুর সেই বিপর্যয় নিউ জিল্যান্ড সামাল দেয় রাচীন রাভিন্দ্র ও টম ব্লান্ডেলের ব্যাটে। প্রতিরোধ গড়ার পর দুজন কড়া জবাব দেন। তাতে সেঞ্চুরি চলে আসে অনায়েসে। দুইশ রানের জুটিতে আয়ারল্যান্ডকে উল্টো চাপে ফেলেন তারা। শেষ পর্যন্ত হাসিমুখেই প্রথম দিনের খেলা শেষ করতে পেরেছে নিউ জিল্যান্ড।
৫ উইকেটে নিউ জিল্যান্ডের রান ৩৬১। সেঞ্চুরি তুলে রাচীন ১২১ রানে সাজঘরে ফেরেন। ব্ল্যান্ডেল অপরাজিত আছেন ১৪২ রানে। তার সঙ্গে ডেন ফক্সক্রফট করেছেন ৩৮ রান।
দুই দলের একমাত্র টেস্ট ম্যাচের শুরুটা ভালো ছিল না নিউ জিল্যান্ডের জন্য। টম লাথাম প্রথম ওভারে মার্ক আডায়েরের বলে বোল্ড হন। এই পেসারের দ্বিতীয় শিকারে পরিণত হন ডেভন কনওয়ে। ভালো করতে পারেননি কেন উইলিয়ামসনও। ভালো শুরুর পর ৩৮ রানে আটকে যান ম্যাকার্থির বলে। এরপর আডায়ারের তৃতীয় শিকারে পরিণত হন ডার্ল মিচেল।
পঞ্চম উইকেটে নিউ জিল্যান্ড প্রতিরোধ পায়। ব্ল্যান্ডেল ও রাচীন ২১৭ রানের জুটি গড়েন ৩৩২ বলে। দিনের শেষ সেশনে রাচীনকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন স্পিনার হ্যারি টেক্টর। ১১ চার ও ৪ ছক্কায় ১২১ রান করেন রাচীন। বাকিটা সময় ব্ল্যান্ডেল ও ফক্সক্রফট কাটিয়ে দেন। ব্ল্যান্ডেল ১৮ চার ও ২ ছক্কায় ১৪২ রান করেন। ফক্সক্রফটের ব্যাট থেকে আসে ৩৮ রান।