চাই আরামদায়ক পোশাক
গরমে আরাম চান প্রত্যেকেই। কিন্তু কোন কাপড় ও ডিজাইনে আরাম মিলবে তা বুঝে উঠতে পারেন না অনেকেই। ফলে গরমে ঘামে অতিষ্ঠ হয়ে পড়েন।

শুধু পোশাকের ম্যাটেরিয়াল নয়, প্রাধান্য দিতে হবে রঙেও। কেননা গরমে আরামের সঙ্গে পোশাকের রঙেরও সম্পর্ক আছে। সাদাকে বলা হয় গ্রীষ্মকালের আদর্শ পোশাক। সাদা রং সূর্যের আলো সবচেয়ে কম শোষণ করে। স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে। এ জন্য গরম কম লাগে। এ ছাড়া যেকোনো হালকা রঙের পোশাক [যেমন—হালকা সবুজ, বেগুনি, নীল, গোলাপি] বেছে নিতে পারেন। হালকা রঙে সূর্যের আলো সহজেই প্রতিফলিত হয়, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে।

এ সময় ছেলেরা টি-শার্ট, হাফস্লিভ সুতির শার্ট, ভি নেক হাফস্লিভ শার্ট, ব্রিদেবল ফ্যাব্রিকের পাঞ্জাবি বেছে নিতে পারেন। তরুণদের মধ্যে এখন চলছে ওভারসাইজড শার্ট, টি-শার্ট পরার ট্রেন্ড। ঢোলা হওয়ায় এমন পোশাকের মধ্য দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে। মেলে আরাম। মেয়েরা সামার টিউনিক, কুর্তি, টি-শার্ট পরতে পারেন। এগুলো এই সময়ের অন্যতম পছন্দের পোশাক। আধুনিক তরুণীদের মধ্যে মেক্সির মতো ঢিলাঢালা টিউনিক ইদানীং বেশ জনপ্রিয়। হালকা রঙের এমন টিউনিকও প্রতিদিনের গরমে স্বস্তি দেবে। অনেকে অফিসে বা অনুষ্ঠানে শাড়ি পরতে পছন্দ করেন। তাঁরা সুতি শাড়ি, তাঁতের শাড়ি বা ব্লক বাটিকের নরম শাড়ি বেছে নিন। বিভিন্ন অনুষ্ঠানে পরার জন্য পাতলা শিফন, জামদানি, মসলিন ও বা সিল্কের সামার শাড়ি বেছে নিতে পারেন। এই শাড়িগুলো ওজনে বেশ হালকা। পরতেও ভারি আরামদায়ক। সঙ্গে হাতাকাটা ব্লাউজ স্টাইলিশ ভাইব দেবে।
গ্রীষ্মের ফ্যাশনে টপস চাহিদায় বেশ এগিয়ে থাকে। জিন্সের সঙ্গে রংবেরঙের ঢোলা টপস ম্যাচিং করে পরতে পারেন। স্টাইলিক দেখাবে। এ ছাড়া ধুতি সালোয়ার, পালাজ্জো বা স্কার্ট-টপস সেটও দারুণ মানাবে। হালের ফ্যাশনে হালকা রঙের ওপর বিভিন্ন সুতার কারুকাজ করা টপস জনপ্রিয় হয়ে উঠেছে।
গ্রীষ্মে ট্রেন্ডি ডিজাইনের পোশাক নির্বাচনে প্লিটিং, ফ্রিল, ফ্লেয়ারস, ওভারসাইজড কাটিং ইত্যাদি কাজ বেছে নিলে আরাম ও ফ্যাশন দুটিই পাবেন।

মিনিমাল মেকআপ
সতেজ লুকের জন্য উপযুক্ত পোশাকের সঙ্গে দরকার মানানসই মেকআপও। গরমে ভারী মেকআপ বেখাপ্পা লাগবে। এ জন্য মিনিমাল মেকআপ করুন। এ সময় সতেজ সাজের জন্য সানস্ক্রিন, বিবি ক্রিম বা টিন্টেড ময়েশ্চারাইজার, ওয়াটারপ্রুফ মাশকারা এবং হালকা লিপস্টিক ব্যবহার করার পরামর্শ দিলেন রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন। ভারী ফাউন্ডেশন পরিহার করুন। এতে স্বস্তি পাবেন। ফিনিশিং হিসেবে কমপ্যাক্ট পাউডার, সেটিং স্প্রে ব্যবহার করলে মেকআপ সতেজ থাকবে।

হেয়ারস্টাইল
এ সময় উঁচু পনিটেল, হাত খোঁপা করার পরামর্শই বেশি দেন হেয়ার এক্সপার্টরা। তাতে অনেকের মন ভরে না। তাঁরা মারমেইডস ব্রেড, ওয়েভি বান, বাবল পনিটেল, টুয়েস্টেড বান, শর্ট বব, ক্রাউন ব্রেড স্টাইল করতে পারেন। এ সময় চুল হালকা কার্ল করেও রাখতে পারেন। ছেলেদের খাটো চুলের কাটই এখন মানানসই। লম্বা চুল পছন্দ হলে কোঁকড়া স্টাইল করতে পারেন।

স্টাইলিশ অ্যাকসেসরিজ
উপযুক্ত অ্যাকসেসরিজে গরমে আরাম ও স্টাইল দুইটাই পাবেন। গরমের সাজে গয়না পরার চল কম। পরলেও হালকা গয়না বেছে নিন। সানগ্লাস শুধু চোখে আরামই দেবে না, অভিজাত লুকও মিলবে এতে। পা ঢাকা জুতার বদলে এখন পা খোলা জুতা বেছে নিন। সঙ্গে পানির বোতল ও ছাতা রাখুন। বাজারে কাচ ও প্লাস্টিকের স্টাইলিশ ডিজাইনের ফ্যাশনেবল পানির বোতল পাবেন। নাক, মুখ ঢাকার জন্য ফ্যাশনেবল মাস্ক স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি স্টাইলের অংশ এখন। বাইরে বা চলার পথে হাত ফ্যান ব্যবহার করুন। রোদ, গরমে আরাম পাবেন এমন ফ্যান ব্যবহারে। সারা দিনে ঠাণ্ডা পানির মিস্ট স্প্রে করতে পারেন। তরতাজা অনুভূতি ও লুক পাবেন এতে।